বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠি পিসিবির
ছবি: সংগৃহীত
বাংলাদেশের ভারতে গিয়ে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) দেওয়া এ চিঠিতে আঞ্চলিক রাজনৈতিক বর্তমান অস্থিরতার প্রেক্ষাপটে বিসিবির ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে অবস্থানকে পিসিবি তাদের সমর্থন জানায়।
ক্রিকেটবিষয়ক ওয়বসাইট ইএসপিএনক্রিকইনফোর এক খবরে বলা হয়, চিঠিটির অনুলিপি আইসিসি বোর্ডের সদস্যদের কাছেও পাঠিয়েছে পিসিবি।
ইএসপিএনক্রিকইনফোর খবরে আরও বলা হয়, বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করার দাবি নিয়ে আইসিসি বুধবার একটি বোর্ড সভা ডেকেছে। এ সভাতেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তবে পিসিবির চিঠির পরই আইসিসি এই সভা ডেকেছে কি না, সে বিষয়ে ইএসপিএনক্রিকইনফো নিশ্চিত হতে পারেনি। বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিশ্বকাপের সূচি পরিবর্তন করা অথবা সহ-আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের খেলতে দেয়ার বিষয়ে রাজি নয়।
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আইসিসির এ অবস্থানে কোনো পরিবর্তন আসছে না।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে পর্দা উঠবে বিশ্বকাপের। পূর্বসূচি অনুযায়ী, উদ্বোধনী দিনই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলার কথা টাইগারদের। তবে বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে বিসিবি এখন পর্যন্ত অনড়।

