Logo
Logo
×

খেলা

আইসিসি

বাংলাদেশের অনুরোধ খারিজ, পূর্বনির্ধারিত সূচিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৮:৫৪ পিএম

বাংলাদেশের অনুরোধ খারিজ, পূর্বনির্ধারিত সূচিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে খেলতে অস্বীকৃতি এবং বিকল্প ভেন্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আয়োজনের যে অনুরোধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) করেছিল, তা খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটি জানিয়েছে, ২০২৬ পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের সব ম্যাচ ভারতের মাটিতেই আয়োজন করা হবে।

আজ বুধবার আইসিসি বোর্ডের ভার্চুয়াল সভা শেষে প্রকাশিত আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, টুর্নামেন্টে অংশ নিতে হলে বাংলাদেশ দলকে ভারত সফর করতেই হবে এবং সূচিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

আইসিসি জানায়, বিসিবি তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ করার পর বিষয়টি পর্যালোচনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সেখানে নিরাপত্তা, লজিস্টিক ও টুর্নামেন্ট পরিচালন সংক্রান্ত সব দিক বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

সংস্থাটি স্পষ্ট করে জানায়, ভারতের ভেন্যুগুলোতে বাংলাদেশের খেলোয়াড়, কর্মকর্তা, সংবাদকর্মী ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। বিজ্ঞপ্তিতে বলা হয়, সব ধরনের নিরাপত্তা পর্যালোচনা ও স্বতন্ত্র সংস্থার রিপোর্ট বিশ্লেষণের ভিত্তিতে আইসিসি নিশ্চিত হয়েছে যে, ভারতের কোনো ভেন্যুতেই বাংলাদেশের জন্য কোনো নির্ভরযোগ্য নিরাপত্তা ঝুঁকি নেই।

আইসিসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টুর্নামেন্টের এত কাছাকাছি সময়ে সূচি বা ভেন্যু পরিবর্তন করা বাস্তবসম্মত নয়। একই সঙ্গে, নির্ভরযোগ্য নিরাপত্তা হুমকি ছাড়া সূচি পরিবর্তন করলে ভবিষ্যতে আইসিসি ইভেন্টগুলোর মর্যাদা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

আইসিসি জানায়, বিসিবির সঙ্গে ধারাবাহিক যোগাযোগ ও বৈঠকের মাধ্যমে রাষ্ট্রীয় ও রাজ্য পর্যায়ের আইন-প্রয়োগকারী সংস্থার সহায়তা, ভেন্যুভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা এবং আয়োজক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নিশ্চয়তা ভাগাভাগি করা হয়েছে।

সংস্থাটির একজন মুখপাত্র বলেন, বিসিবি আলোচনার সময় বারবার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার সূত্র ধরে নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরেছে। তবে আইসিসির মতে, এটি একটি বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক ঘটনা, যার সঙ্গে বিশ্বকাপের নিরাপত্তা কাঠামোর কোনো সম্পর্ক নেই।

মুখপাত্র আরও বলেন, বাংলাদেশের অনুরোধে ভেন্যু বদলানো হলে তা ভবিষ্যতের জন্য একটি অনাকাঙ্ক্ষিত নজির সৃষ্টি করবে। আইসিসির ভেন্যু ও সূচি সংক্রান্ত সিদ্ধান্ত সব অংশগ্রহণকারী দেশের জন্য সমানভাবে প্রযোজ্য নীতিমালার ভিত্তিতে নেওয়া হয়। স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন ছাড়া সূচি পরিবর্তনে আইসিসি অপারগ বলেও জানানো হয়।

বিজ্ঞপ্তির শেষে আইসিসি জানায়, সংস্থাটি সদিচ্ছা, ধারাবাহিক মানদণ্ড ও বিশ্ব ক্রিকেটের সামগ্রিক স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন