Logo
Logo
×

খেলা

আইসিসির সিদ্ধান্ত বদলাতে আন্তর্জাতিক আদালতে যাবে বিসিবি

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৩:২৮ পিএম

আইসিসির সিদ্ধান্ত বদলাতে আন্তর্জাতিক আদালতে যাবে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসির সিদ্ধান্ত বদলাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে আইসিসির ডিসপিউট রেজোলিউশন কমিটিকে (ডিআরসি) আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বিসিবি। তবে আইসিসির সংবিধান অনুযায়ী, এই বিষয়ে ডিআরসির শুনানি নেওয়ার এখতিয়ার নেই বলে জানা গেছে।

আইসিসি ইতোমধ্যে স্কটল্যান্ডকে প্রস্তুত থাকতে বলেছে, যা থেকে স্পষ্ট—বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বিকল্প পরিকল্পনাও চূড়ান্ত পর্যায়ে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বোর্ড কার্যত কোণঠাসা অবস্থায় এই পথ বেছে নেয়। ডিআরসির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ইংল্যান্ডের মাইকেল বেলফ।

বিসিবির একটি সূত্র ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, ‘হ্যাঁ, বিসিবি ডিআরসির কাছে গেছে। তারা সব পথ ব্যবহার করতে চায়। ডিআরসি বিপক্ষে রায় দিলে তখন একমাত্র পথ হবে সুইজারল্যান্ডের কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস।’

এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ঘোষণা দেন, ‘নিরাপত্তাজনিত কারণে’ বাংলাদেশ দল ভারত সফর করবে না। এই সিদ্ধান্ত আসে সিনিয়র পেসার মুস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর।

আইসিসির সংবিধান ও ডিআরসির কার্যপরিধি পর্যালোচনায় দেখা যায়, আইসিসি বোর্ড অব ডিরেক্টরসের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শোনার এখতিয়ার এই কমিটির নেই। ডিআরসির কার্যপরিধির ১.৩ ধারায় স্পষ্টভাবে বলা আছে, ‘এই কমিটি আইসিসি বা আইসিসির অধীনে গঠিত কোনো সংস্থার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনবে না।’

আইসিসি বোর্ড ১৪–২ ভোটে বাংলাদেশের ম্যাচ ভারতে রাখার সিদ্ধান্ত নেয়। স্বাধীন নিরাপত্তা মূল্যায়নে হুমকির মাত্রা ‘কম থেকে মাঝারি’ হিসেবে উল্লেখ করা হলেও আসিফ নজরুল বলেন, এটি বিসিবির সিদ্ধান্ত নয়, সরকারের সিদ্ধান্ত।

আইসিসি বোর্ডের এক সূত্র বলেছে, ‘বাংলাদেশ ডিআরসিতে যেতে পারে, কিন্তু নিয়ম অনুযায়ী এই মামলা শোনার সুযোগ নেই। কারণ এটি বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে।’

জানা গেছে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ উপলক্ষে নামিবিয়ায় থাকা আইসিসি চেয়ারম্যান জয় শাহ বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। শনিবারের মধ্যেই বাংলাদেশের বদলি দল নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন