টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে
আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ পাকিস্তান ক্রিকেট দল অংশ নেবে কিনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী শুক্রবার থেকে সোমবারের মধ্যে নেওয়া হবে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি।
সোমবার মহসিন নকভি বলেন, বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনার পর চূড়ান্ত করা হবে এবং খুব শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।
এরই মধ্যে নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। এ কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। বিষয়টি নিয়ে অন্য ক্রিকেট বোর্ডগুলো প্রকাশ্যে কিছু না বললেও শুরু থেকেই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান।
আইসিসির ভোটাভুটিতে বাংলাদেশের পক্ষে একমাত্র ভোট দেয় পাকিস্তান। এমনকি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কটের কথাও ভাবছিল পিসিবি। তবে এমন সিদ্ধান্ত নিলে পাকিস্তানকে বড় ঝুঁকির মুখে পড়তে হতে পারে এবং আইসিসির বিভিন্ন শাস্তির সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে।

