Logo
Logo
×

খেলা

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, জরুরি বৈঠক ডেকেছে আইসিসি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৮ পিএম

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, জরুরি বৈঠক ডেকেছে আইসিসি

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। এই সিদ্ধান্তে টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় জরুরি ভার্চ্যুয়াল বোর্ড মিটিং ডেকেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার ও ভারতের এনডিটিভি জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণাকে কেন্দ্র করে আজই আইসিসি জরুরি ভার্চ্যুয়াল বোর্ড মিটিং আয়োজন করছে। মিটিংয়ে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে একাধিক সূত্র।

এনডিটিভির বরাতে জানা গেছে, আইসিসির বৈঠকে পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করা কিংবা বড় অঙ্কের আর্থিক জরিমানা আরোপের বিষয়টি আলোচনায় রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, এই বৈঠক আজ অথবা বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে পারে।

এদিকে দৈনিক জাগরণ জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত এখনো আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানায়নি পিসিবি। তবে পাকিস্তানের একটি সূত্র জানিয়েছে, সরকারের সিদ্ধান্ত জানিয়ে আজই আইসিসিতে ই-মেইল পাঠানোর প্রস্তুতি রয়েছে বোর্ডটির।

গতকাল রাতে পাকিস্তান সরকারের এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বলা হয়, ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট দলকে ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমোদন দিচ্ছে। তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।

আইসিসি এক প্রাথমিক বিবৃতিতে জানিয়েছে, এ বিষয়ে তারা পিসিবির আনুষ্ঠানিক যোগাযোগের অপেক্ষায় রয়েছে। তবে বিবৃতিতে আরও বলা হয়, বেছে বেছে ম্যাচ খেলার সিদ্ধান্ত টুর্নামেন্টের মূল চেতনা ও মর্যাদাকে ক্ষুণ্ন করে। আইসিসি পাকিস্তান সরকার ও পিসিবিকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

জিও সুপারের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য শাস্তির মধ্যে রয়েছে— বড় অঙ্কের আর্থিক জরিমানা, ভবিষ্যৎ আইসিসি টুর্নামেন্টে নিষেধাজ্ঞা, দ্বিপাক্ষিক সিরিজ সীমিত করা, পাকিস্তান সুপার লিগে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে বিধিনিষেধ।

এছাড়া ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কারণে সম্প্রচারকারী সংস্থা ও বাণিজ্যিক অংশীদারদের আর্থিক ক্ষতির দায় পিসিবির ওপর চাপানো হতে পারে এবং ক্ষতিপূরণ আদায়ের সম্ভাবনাও রয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন