Logo
Logo
×

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি, দুশ্চিন্তায় বিশ্ববাজার

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৯:২৩ এএম

হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি, দুশ্চিন্তায় বিশ্ববাজার

মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরান ও ওমানের মাঝের সরু এই জলপথ দিয়েই সৌদি আরব, কুয়েতসহ উপসাগরীয় দেশগুলো থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে অপরিশোধিত তেল যায়। ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কোরের এক উপদেষ্টা হুঁশিয়ারি দিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। এর আগেই নিরাপত্তা শঙ্কায় এবং তেলবাহী জাহাজে হামলার ঘটনায় ওই পথে জাহাজ চলাচল কার্যত থেমে যায়।

প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল, যা বৈশ্বিক দৈনিক উৎপাদনের প্রায় এক-পঞ্চমাংশ, এই প্রণালি দিয়ে পরিবাহিত হয় বলে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন জানিয়েছে। তারা একে ‘গুরুত্বপূর্ণ তেল চোকপয়েন্ট’ বলেছে। বিকল্প পথ খুবই সীমিত। একইভাবে বিশ্বের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসেরও প্রায় এক-পঞ্চমাংশ এই পথেই যায়। ফলে প্রণালি অচল থাকলে তেল ও গ্যাসের দাম উঁচুতে থাকার আশঙ্কা করছেন জ্বালানি বিশ্লেষকরা। বড় শিপিং কোম্পানি মায়ারস্ক, হাপাগ-লয়েড, এমএসসি ও সিএমএ সিজিএম ইতিমধ্যে জাহাজ অন্য পথে ঘুরিয়ে নিচ্ছে।

এই বৈশ্বিক বাস্তবতার সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশে। দেশের জ্বালানি চাহিদার বড় অংশই মধ্যপ্রাচ্যনির্ভর। যুদ্ধের দ্বিতীয় দিনেই হরমুজে জাহাজ না চালানোর বার্তা আসায় সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেছে। পেট্রোবাংলা ও বিপিসি মজুত পরিস্থিতি খতিয়ে দেখছে। এখনকার মজুত দিয়ে তাৎক্ষণিক সংকটের শঙ্কা না থাকলেও যুদ্ধ দীর্ঘ হলে ঝুঁকি বাড়বে।

পেট্রোবাংলার চেয়ারম্যান মো. এরফানুল হক বলেছেন, নির্ধারিত ৯টি এলএনজি কার্গোর মধ্যে ৭টি ইতিমধ্যে এসেছে, বাকি ২টি নিয়ে কিছু অনিশ্চয়তা আছে। প্রয়োজনে বিকল্প উৎস খোঁজা হবে। বিপিসির পরিচালক একেএম আজাদুর রহমান জানিয়েছেন, ডিজেল, কেরোসিন ও ফার্নেস অয়েলের মজুত আপাতত নিরাপদ।

অর্থনীতিবিদ কে এ এস মুরশিদ মনে করেন, জ্বালানি নিরাপত্তায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা জরুরি। তার ভাষায়, যুদ্ধ দীর্ঘ হলে মূল্যস্ফীতি বাড়বে, রপ্তানি কমবে এবং সামগ্রিক অর্থনীতি চাপে পড়বে। তাই সংকটকে শুধু সাময়িক নয়, কৌশলগত সতর্কবার্তা হিসেবেই দেখার পরামর্শ দিয়েছেন তিনি।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন