Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে পাকিস্তানি প্রধানমন্ত্রীর পৃথক বৈঠক

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৫:০২ পিএম

ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে পাকিস্তানি প্রধানমন্ত্রীর পৃথক বৈঠক

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন। এর আগে, তাঁর সঙ্গে বৈঠক করে ইরানি প্রতিনিধি দল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

জেডি ভ্যান্স ও শাহবাজ শরিফের মধ্যকার এই বৈঠকে সহায়তা করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এর আগে ইরানের একটি প্রতিনিধি দলের সঙ্গে শাহবাজ শরিফের বৈঠক হয়। 

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, এই আলোচনাগুলো অঞ্চলটিতে টেকসই শান্তির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন শাহবাজ শরিফ।

তবে এই আলোচনা শেষ পর্যন্ত কীভাবে এগোবে, কিংবা দুই পক্ষ মুখোমুখি বৈঠকে বসবে কি না—তা এখনো স্পষ্ট নয়। 

তবে পাকিস্তান সরকারের একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মধ্যাহ্নভোজের সময় ইরানের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন।

আগের আলোচনাগুলোর মতোই, এবারও পাকিস্তান যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে এক দফা এবং এরপর ইরানের প্রতিনিধিদের সঙ্গে আরেক দফা বৈঠক করে বিভিন্ন প্রস্তাবের বিষয়ে অগ্রগতি আনার চেষ্টা করতে পারে।

ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইরানি প্রতিনিধি দলে আরও আছেন, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। গালিবাফ বলেছেন, আলোচনা শুরু হওয়ার আগেই যুক্তরাষ্ট্রকে ইরানের স্থগিত সম্পদ মুক্ত করার বিষয়ে সম্মত হতে হবে।

ইরান থেকে এমন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়নি। আর এমন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ভেতরে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের কাছে ব্যাখ্যা করা বেশ জটিল হয়ে উঠতে পারে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন