Logo
Logo
×

আন্তর্জাতিক

লেবানন-ইসরায়েল ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পিএম

লেবানন-ইসরায়েল ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনব্যাপী একটি যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, এই যুদ্ধবিরতি বিকেল ৫টা (ইস্টার্ন টাইম) থেকে কার্যকর হবে (বাংলাদেশ সময় রাত ৩টা) ।

প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, এই চুক্তিটি নিশ্চিত করার আগে তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ‘চমৎকার’ আলোচনা করেছেন। তিনি আরও জানান, দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই এই ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন দুই নেতা।

উল্লেখ্য, গত মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা বৈঠকে বসেন। ট্রাম্প তাঁর বিবৃতিতে জানান, তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান রেইজিন কেইনকে লেবানন ও ইসরায়েলের সঙ্গে মিলে একটি স্থায়ী শান্তি অর্জনের লক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন।

তবে প্রেসিডেন্ট ট্রাম্পের পুরো বিবৃতিতে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কোনো উল্লেখ ছিল না। অথচ দীর্ঘদিন ধরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হিজবুল্লাহরই সরাসরি সংঘর্ষ ও গোলাগুলি চলছে।

নিজের কূটনৈতিক সাফল্যের দাবি করে ট্রাম্প তাঁর বিবৃতিতে লেখেন, ‘বিশ্বজুড়ে ৯টি যুদ্ধ সমাধান করা আমার জন্য সম্মানের বিষয় ছিল, আর এটি হতে যাচ্ছে আমার ১০ম সাফল্য।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন