ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে পাকিস্তানের মধ্যস্থতায় ১৪ দফার একটি শান্তি প্রস্তাব ওয়াশিংটনে পাঠিয়েছে। দেশটির আধা-সরকারি সংবাদসংস্থা নূর নিউজ ও তাসনিম নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। মার্কিন প্রস্তাবিত ৯ দফা পরিকল্পনার পাল্টা হিসেবে তেহরানের এই উদ্যোগ। যুক্তরাষ্ট্র দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও ইরান চায় আগামী ৩০ দিনের মধ্যে আলোচনার মাধ্যমে যুদ্ধের স্থায়ী সমাধান।
ইরানের ১৪ দফার মূল দাবিগুলো হলো:
- ইরানের ওপর সব ধরনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
- হরমুজ প্রণালিসহ ইরানি সমুদ্রসীমায় মার্কিন নৌ-অবরোধ বন্ধ
- অঞ্চল থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার
- লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ
- ভবিষ্যতে কোনো সামরিক অভিযানের বিরুদ্ধে গ্যারান্টি
- জব্দকৃত ইরানি সম্পদ ফিরিয়ে দেওয়া
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ জানিয়েছেন, তিনি প্রস্তাবটি পর্যালোচনা করবেন, তবে তা গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা কম। তার ভাষ্য, ইরান গত ৪৭ বছর ধরে বিশ্বের যে ক্ষতি করেছে, তার জন্য যথেষ্ট ‘মূল্য’ দেয়নি। গত সপ্তাহে এক প্রস্তাব প্রত্যাখ্যান করলেও আলোচনা অব্যাহত আছে।
কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদির সঙ্গে টেলিফোনে হরমুজ প্রণালির নিরাপত্তা ও উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনা করেছেন। ওমান দীর্ঘদিন ধরে তেহরান-ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা পুরোপুরি কমেনি। ইরান বলেছে, তারা স্থায়ী শান্তি চায়। তবে যুক্তরাষ্ট্র সংঘাতের পথ বেছে নিলে তেহরানও জবাব দিতে প্রস্তুত। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও জ্বালানি তেলের বাজারকে কেন্দ্র করে পরিস্থিতি সংবেদনশীল রেখেছে উভয় দেশ।

