সোমবার সারাদিন যা যা হলো
- প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে ইমিগ্রশনের বাধা দেওয়ায় ঢাকায় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ানকুমার বঢ়েকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকায় তার দুই ছেলের নামে নতুন দুইটি ইউনিয়নের নামকরণের অভিযোগ নিয়ে নানা আলোচনা- সমালোচনার পর এ নিয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন তিনি।
- ঢাকার যানজট সমস্যা নিরসনে সায়েদাবাদ, ফুলবাড়িয়া ও মহাখালী বাস টার্মিনাল নগরীর বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
- স্থানীয় সংসদ নির্বাচন কবে এবং নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কী-না সংসদে রুমিন ফারহানার এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে।
- দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে চারজন শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৬৫৬ জনে দাঁড়িয়েছে।
- ইরানে ও যুক্তরাষ্ট্র মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে সমঝোতাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
- ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেইসবুক, টিকটক ও ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলো নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে তিনটি ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।









