বকেয়া মজুরি-ভাতা পরিশোধ এবং কারখানা বিক্রি হলে শ্রমিকসহ হস্তান্তরের দাবিতে বরিশালে ভুখা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা। গতকাল কারখানার প্রধান ফটক থেকে শুরু হওয়া ভুখা মিছিলটি গ্যাস টার্বাইন এলাকা থেকে রূপাতলী গোলচত্বর পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে শতাধিক শ্রমিক-কর্মচারী অংশ নেন। পরে তারা রূপাতলী গোলচত্বরে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে শ্রমিকরা অবিলম্বে বকেয়া মজুরি, ওভারটাইম, নাইট বিল, সার্ভিস বেনিফিট পরিশোধ এবং কারখানা বিক্রির ক্ষেত্রে শ্রমিকদের চাকরি ও স্বার্থ সংরক্ষণের দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি সেলিম সরদার। বক্তারা বলেন, কারখানা বন্ধের নোটিশ পাওয়ার পর এক সপ্তাহ ধরে শ্রমিক-কর্মচারীরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।