বগুড়ার আদমদীঘি উপজেলার একটি কিন্ডারগার্টেন স্কুল দখল এবং লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। বগুড়া প্রেস ক্লাবে গতকাল সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন স্কুল প্রতিষ্ঠাতা পরিবার। লিখিত বক্তব্য পাঠ করেন রেনুকা ও জাহানারা।
তারা জানান, ২০১৬ সালে তাদের ভাই মরহুম বুলবুল ফারুক আদমদীঘিতে বিদ্যাবীথি মডেল স্কুল প্রতিষ্ঠা করেন। অল্প সময়ের মধ্যেই স্কুলটি সুনাম অর্জন করে। পরবর্তীতে নীতিমালার আলোকে পাঠদানের অনুমতির জন্য উপজেলা বিএনপি সভাপতি ও বগুড়া-৩ আসনের এমপি আবদুল মোহিত তালুকদারকে সভাপতি করে পরিচালনা কমিটি করা হয়। স্কুলের নামে খোলা হয় দুটি ব্যাংক হিসাব।
তারা দাবি করেন, পরিচালনা কমিটি গঠন হলেও স্কুলটি বুলবুল ফারুকের মালিকানায় পরিচালিত হয়ে আসছিল। ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারি ফারুকের মৃত্যুর পর ষড়যন্ত্র শুরু হয়। তাঁর সন্তান না থাকায় মা ও ভাইবোনরা বৈধ ওয়ারিশ বলে উল্লেখ করেন তারা। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, স্কুল পরিচালনা কমিটির সভাপতি আবদুল মোহিত ও তার ছোট ভাই উপজেলা বিএনপি সহসভাপতি আবদুল মোত্তাকিন হিসাবরক্ষককে ভয়ভীতি দেখিয়ে ব্যাংক হিসাব থেকে অর্থ তুলেছেন। একই সঙ্গে স্কুলের আয়-ব্যয় নিয়ন্ত্রণ করছেন তারা। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের পারিবারিক সম্পত্তি ও আর্থিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এ বিষয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাননি। তারা বলেন, স্কুল দখলমুক্ত না হলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।