জয়পুরহাটের কালাইয়ে সরকারি রাস্তায় সুফলভোগীদের লাগানো বড় ধরনের আটটি ইউক্যালিপ্টাস গাছ কাটার অভিযোগ উঠেছে শামসুল ইসলাম নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহবুব ঘটনাস্থলে গিয়ে কাটা গাছের গুঁড়িগুলো জব্দ করেন। এ সময় তিনি অভিযুক্তকে না পেয়ে তার ছেলে গোলাম রব্বানীকে অফিসে নিয়ে আসেন। পরে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। সোমবার দুপুরে পৌরশহরের মূলগ্রাম-হাটশেখা রাস্তায় এ ঘটনা ঘটেছে। অভিযুক্তের ছেলে গোলাম রব্বানী বলেন, ‘জমি ও গাছ সব আমাদের, তাই আমরা গাছগুলো কেটেছি।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহবুব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাটা গাছ জব্দ করা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হয়েছে।