×

আন্তর্জাতিক

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৭:০৮ পিএম

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

ছবি- সংগৃহীত

কিউবার উত্তর-পশ্চিম উপকূলের কাছে আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় সোমবার (৮ জুন) সংঘটিত এই ভূকম্পনের তীব্রতা কিউবা ছাড়াও প্রতিবেশী মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কিছু অংশেও অনুভূত হয়েছে। সাধারণত এসব অঞ্চল ভূমিকম্পপ্রবণ না হওয়ায় আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শক্তিশালী এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ২৬ কিলোমিটার (১৬ মাইল) গভীরে। এর কেন্দ্রস্থল ছিল কিউবার মানতুয়া শহরের পশ্চিম-উত্তর-পশ্চিমে প্রায় ১০৪ কিলোমিটার দূরে, যা রাজধানী হাভানা থেকে সড়কপথে প্রায় দুই থেকে চার ঘণ্টার দূরত্বে অবস্থিত।

ইউএসজিএসের ভূকম্পবিদ পল আর্ল এই ভূমিকম্পের ধরণ নিয়ে বিস্ময় প্রকাশ করে বলেন, ক্যারিবীয় অঞ্চলের এই অংশে এমন শক্তিশালী ভূমিকম্প অত্যন্ত অস্বাভাবিক। কারণ এটি দুটি টেকটোনিক প্লেটের সীমান্তে (বাউন্ডারি) নয়, বরং একটি প্লেটের অভ্যন্তরে সংঘটিত হয়েছে। এ ধরনের ভৌগোলিক অবস্থানে সাধারণত খুব কম এবং বিচ্ছিন্নভাবে ভূমিকম্প হয়ে থাকে।

পল আর্ল আরও জানান, সোমবারের ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩২২ কিলোমিটার (২০০ মাইল) ব্যাসার্ধের মধ্যে বিগত ১৪৬ বছরের ইতিহাসে এত শক্তিশালী কোনো ভূকম্পন হয়নি। এর আগে সবশেষ ১৮৮০ সালে কিউবার সান ক্রিস্টোবাল এলাকার কাছে ৬ দশমিক শূন্য মাত্রার একটি প্রাচীন ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল।

শক্তিশালী এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কিউবার সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটের কারণে দেশটির বহু পুরোনো ভবন বর্তমানে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর ওপর চলমান তীব্র বিদ্যুৎ বিভ্রাটের কারণে দেশটির যোগাযোগ ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আতঙ্কের বর্ণনা দিয়ে পশ্চিম কিউবার এক বাসিন্দা বলেন,'ভূমিকম্পের কম্পনটি এতটাই শক্তিশালী ছিল যে জীবনে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হইনি। এখানে আগে কখনো এমন ভূকম্পন অনুভূত হয়নি। আতঙ্কে মানুষজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় ছুটে আসেন।'

ইউএসজিএস নিশ্চিত করেছে, কিউবার মূল ভূখণ্ডের বাইরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য এবং মেক্সিকোর বিভিন্ন প্রান্তেও এ দিন মৃদু থেকে মাঝারি ধরনের কম্পন অনুভূত হয়েছে।

সূত্র: ইউএস নিউজ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা-দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা-দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

‘যে কোনো উপজেলার তুলনায় রূপগঞ্জ বেশি বরাদ্দ পেয়েছ’

‘যে কোনো উপজেলার তুলনায় রূপগঞ্জ বেশি বরাদ্দ পেয়েছ’

সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ

স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ

বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য

অর্থ উপদেষ্টা বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App