×

শেয়ার বাজার

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৩:১৩ পিএম

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

মাসুদ খান। ছবি: সংগৃহীত

অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ক্রাউন সিমেন্ট পিএলসির গ্রুপ সিইও মাসুদ খান। 

আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তাকে নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ৫(২) অনুযায়ী আগামী চার বছরের জন্য মাসুদ খানকে বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থাটির কমিশনার হিসেবে আরও তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে। কমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন: আইনজীবী নাহিদ মাহতাব, আশা ইন্টারন্যাশনালের ফাইন্যান্স ডিরেক্টর তানভীর হাবিব রহমান ও ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাফিজ-আল-তারিক। তারা প্রত্যেকেই চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন।

এর আগে আজ সকালে বিএসইসির সদ্য বিদায়ী চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও সংস্থাটির চার কমিশনার পদত্যাগ করেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন তারা।

চেয়ারম্যানের পাশাপাশি পদত্যাগ করা চারজন কমিশনার হলেন—মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফউদ্দিন। 

পদত্যাগের পর দেওয়া এক বার্তায় বিদায়ী চেয়ারম্যান রাশেদ মাকসুদ বলেন, 'বিএসইসির চেয়ারম্যান হিসেবে গত ২১ মাস দায়িত্ব পালনের পর এখন ব্যক্তিগত কাজে মনোযোগ দিতে আমি এই সরকারি পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।'

তিনি বলেন, 'আমরা এক চরম অস্থির সময়ে এই নেতৃত্বের দায়িত্ব নিয়েছিলাম এবং দায়িত্ব নিয়েই আইনি কাঠামো ও বাজারের শৃঙ্খলা ফেরাতে ব্যাপক সংস্কারের কাজে হাত দিয়েছিলাম। এই অল্প সময়ের মধ্যেই আমরা পাঁচটি বিধিমালার (মার্জিন, আইপিও, মিউচুয়াল ফান্ড, ডেট সিকিউরিটিজ এবং হুইসেলব্লোয়ার) প্রজ্ঞাপন জারি করেছি। এ ছাড়া সম্প্রতি করপোরেট সুশাসন, অডিট এবং করপোরেট পুনর্গঠন—এই তিনটি বিধিমালা বা নির্দেশিকার খসড়া জনমতের জন্য প্রকাশ করেছি।'

রাশেদ মাকসুদ আরও বলেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মাধ্যমে প্রণয়নের জন্য 'বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন' এবং 'ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড আইন'-এর খসড়াও তৈরি করেছেন তারা। বার্তায় সব সহকর্মী, স্টেকহোল্ডার এবং সরকারকে তাদের সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান রাশেদ মাকসুদ।

গত ৩০ এপ্রিল সংসদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধনী) বিল ২০২৬ পাস হয়, যার মাধ্যমে বিএসইসির চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের ক্ষেত্রে ৬৫ বছর বয়সসীমা বাতিল হয়ে যায়। অভিজ্ঞ পেশাজীবীদের কমিশনে নিয়োগ দেওয়ার সুযোগ তৈরি করতেই সরকার ওই বয়সসীমা তুলে দিয়েছে।

এরপর ৭০ বছরের বেশি বয়সি এবং দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা মাসুদ খানের নাম সবার সামনে চলে আসে। গত কয়েক দিনে তার নিয়োগ নিয়ে জল্পনা বেশ জোরালো হয়।

এর মধ্যে গেল ২ জুন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও দুই সপ্তাহের মধ্যে পুনর্গঠন করা হবে। এই পুনর্গঠন প্রক্রিয়ায় একজন চেয়ারম্যান ও চারজন কমিশনার নিয়োগ দেওয়া হবে।

“আমরা বাজারকে নতুনভাবে সাজাচ্ছি। নিয়োগ পেতে যাওয়া একজন চেয়ারম্যান ও চারজন কমিশনারের সবাই পেশাদার ব্যক্তি। তারা প্রত্যেকেই পুঁজিবাজার বিষয়ে যথেষ্ট দক্ষ ও অভিজ্ঞ।”

চব্বিশের অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর বিভিন্ন দপ্তরের শীর্ষপদে পরিবর্তনের মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকার রাশেদ মাকসুদকে ২০২৪ সালের ১৮ অগাস্ট বিএসইসির নেতৃত্বে আনে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। তার সঙ্গী হিসেবে থাকা মু. মহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ এবং মো. সাইফুদ্দিন বৃহস্পতিবারই কমিশনারের দায়িত্ব থেকে পদত্যাগ করেন। এরপরই চেয়ারম্যানের দায়িত্ব পেলেন মাসুদ খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা-দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা-দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

‘যে কোনো উপজেলার তুলনায় রূপগঞ্জ বেশি বরাদ্দ পেয়েছ’

‘যে কোনো উপজেলার তুলনায় রূপগঞ্জ বেশি বরাদ্দ পেয়েছ’

সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ

স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ

বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য

অর্থ উপদেষ্টা বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App