বাসস
  ১৭ জুন ২০২৬, ১৬:০০

আল জাজিরার প্রামাণ্যচিত্রের দৃশ্যকে বিএনপির বিরুদ্ধে জঙ্গি প্রশিক্ষণের অপপ্রচার: বাংলাফ্যাক্ট

ঢাকা,  ১৭ জুন, ২০২৬ (বাসস): আল জাজিরায় আফগানিস্তানের আইএসআইএল এবং তালেবান নিয়ে পুরোনো প্রামাণ্যচিত্রের দৃশ্যকে বিএনপির বিরুদ্ধে জঙ্গি প্রশিক্ষণ বলে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, বিএনপির কাঁধে ভর করে দেশে চলছে জঙ্গি প্রশিক্ষণ।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনা নয়। ২০১৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান আল জাজিরা আফগানিস্তানের আইএসআইএল এবং তালেবান নিয়ে একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রকাশ করে। এটি সেই প্রামাণ্যচিত্রের দৃশ্য।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তীকাল সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।