শিরোনাম

পটুয়াখালী, ১৭ জুন, ২০২৬ (বাসস): সদর উপজেলার কমলাপুর ইউনিয়নে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার চৌদ্দবুড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
তারা হলেন, চৌদ্দবুড়িয়া গ্রামের বাসিন্দা রাজমিস্ত্রি আশরাফ (৫০) ও দিনমজুর মো. নুহ (২৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে ব্যবহৃত সেন্টারিংয়ের কাঠ ও বাঁশ অপসারণের কাজে প্রথমে নামেন রাজমিস্ত্রি আশরাফ। বেশ কিছুক্ষণ ধরে তার কোনো সাড়া না পেয়ে সহকর্মী নুহ তাকে উদ্ধারে ট্যাংকের ভেতরে নামেন। পরে দুজনই সেখানে অচেতন হয়ে পড়েন।
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে ট্যাংকের একটি অংশ ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং দুজনকে উদ্ধার করেন। ততক্ষণে তাদের মৃত্যু হয়েছে বলে জানান তারা।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, দীর্ঘদিন ব্যবহৃত না হওয়ায় সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাস জমে ছিল। ওই গ্যাসের প্রভাবে শ্বাসরুদ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু ঘটে।
স্থানীয় ইউপি সদস্য আবু জাফর বলেন, আশরাফ ছিলেন তিন সন্তানের জনক। অপরদিকে, নুহ সম্প্রতি বিয়ে করেছেন। কর্মক্ষম দুই ব্যক্তির মৃত্যুতে তাদের পরিবারে শোকের মাতম চলছে।
পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বাসসকে বলেন, তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার থেকে কোনো আইনগগত ব্যবস্থা নেবে না বলে জানিয়েছে।