শিরোনাম

ঢাকা, ১৭ জুন, ২০২৬ (বাসস): রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ সাদ্দাম নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
আজ বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানার বিহারীপল্লী এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি মো. সাদ্দাম হোসেনকে (২৮) গ্রেফতার করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি কুরিয়ার সার্ভিস থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত সাদ্দাম মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা ঢাকায় এনে পল্লবী থানার বিহারীপল্লীসহ আশপাশের এলাকায় বিক্রি করতো। তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।