বাসস
  ১৭ জুন ২০২৬, ১৯:০৪

দ্রুত বর্জ্য অপসারণই ডিএসসিসির প্রধান অগ্রাধিকার: প্রশাসক

ছবি : বাসস

ঢাকা, ১৭ জুন, ২০২৬(বাসস): মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চলমান থাকলেও বর্তমানে দ্রুত বর্জ্য অপসারণই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বুধবার নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ডিএসসিসির ৪ হাজার ৯৫০ জন পরিচ্ছন্নতাকর্মীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে আবদুস সালাম বলেন, সিটি কর্পোরেশনের সবচেয়ে কঠিন ও কষ্টসাধ্য দায়িত্ব পালন করেন পরিচ্ছন্নতাকর্মীরা। নাগরিকদের সচেতনতা এবং পরিচ্ছন্নতাকর্মীদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকলে আগামী দুই বছরের মধ্যে ঢাকার চেহারা বদলে দেওয়া সম্ভব।

তিনি জনসচেতনতা বৃদ্ধিতে পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি গণমাধ্যমকর্মীদেরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

বাসাবাড়ির বর্জ্য সংগ্রহ ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে ডিএসসিসি প্রশাসক বলেন, ওয়াডর্ ভিত্তিক টেন্ডারের মাধ্যমে পরিচালিত বর্তমান ব্যবস্থার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে। কোথাও নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণ করা হচ্ছে না, আবার কোথাও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

তিনি জানান, আগামী বছর বর্তমান বর্জ্য সংগ্রহ ব্যবস্থা বহাল থাকবে কি না, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। জনগণ প্রত্যাশিত সেবা না পেলে প্রয়োজন হলে নতুন ব্যবস্থা চালু করা হবে।

ঈদুল আজহায় স্বল্প সময়ে কোরবানির বর্জ্য অপসারণ করায় পরিচ্ছন্নতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে আবদুস সালাম বলেন, দ্রুত বর্জ্য অপসারণের ফলে এবার নগরবাসী দুর্গন্ধ থেকে মুক্ত ছিল এবং এ কার্যক্রম সর্বমহলে প্রশংসিত হয়েছে।

পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন ও স্বাস্থ্যসেবার উন্নয়ন নিশ্চিত করার আশ্বাস দিয়ে তিনি বলেন, তাদের জন্য আবাসন প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে এক হাজার পরিচ্ছন্নতাকর্মীকে ‘হেলথ কার্ড’ প্রদান করা হয়েছে, যা পর্যায়ক্রমে ছয় হাজারে উন্নীত করা হবে।

এছাড়া আর্থিক সংকটের কারণে কোনো পরিচ্ছন্নতাকর্মীর সন্তান যাতে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে সিটি কর্পোরেশন প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে বলেও তিনি ঘোষণা দেন।

অনুষ্ঠানে তিনি বলেন, ‘পরিচ্ছন্ন ঢাকা গড়ে তোলা শুধু সিটি কর্পোরেশনের দায়িত্ব নয়, এটি নাগরিকদেরও দায়িত্ব। সবাই মিলে কাজ করলে রাজধানীকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব।’

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।