সোনামসজিদে প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

সোনামসজিদে প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তবর্তী এলাকার প্রাচীন গৌড় নগরীর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শন করেছেন। বুধবার ঐতিহাসিক ছোট সোনামসজিদসহ আশপাশের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন।

সফরকালে মার্কিন রাষ্ট্রদূত সোনামসজিদ স্থলবন্দর ও ইমিগ্রেশন কার্যক্রমও পর্যবেক্ষণ করেন। এর আগে তিনি রাজশাহী থেকে সরাসরি সোনামসজিদ স্থলবন্দর এলাকায় পৌঁছান। সীমান্তবর্তী ওই অঞ্চলে অবস্থানকালে সুলতানী আমলের ঐতিহাসিক ছোট সোনামসজিদসহ আশপাশের অন্যান্য ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন এবং সেগুলোর ইতিহাস ও স্থাপত্যশৈলী সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

বিজ্ঞাপন

পরিদর্শনের সময় রাষ্ট্রদূতকে প্রাচীন গৌড়ের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে বেশ আগ্রহী দেখা যায়। তিনি বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনার ছবি নিজেই ধারণ করেন এবং এলাকার সমৃদ্ধ ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে গৌড় নগরীর ইতিহাস, প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সংরক্ষণ কার্যক্রম এবং পর্যটন সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন।

সীমান্ত সফরের অংশ হিসেবে তিনি দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা পরিস্থিতি এবং সীমান্তে চলমান কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, গৌতম কুমার বিশ্বাস এবং মাজহারুল ইসলামসহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক অঙ্গনে প্রাচীন গৌড় নগরীর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরতে এ ধরনের উচ্চপর্যায়ের সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সীমান্ত এলাকার ঐতিহ্য, পর্যটন সম্ভাবনা এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন দিকেও এই সফর ইতিবাচক বার্তা বহন করবে বলে তারা আশা প্রকাশ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন