সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তরকুল সীমান্তে বাংলাদেশি এক যুবকের নিখোঁজ হওয়ার ঘটনায় দুদেশের নাগরিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয়েছেন ডিপজল আহমদ নামের (২৬) ওই নিখোঁজ যুবক। তার লাশ সীমান্তের ওপারে আটকে রাখা হয়েছে। যদিও এমন অভিযোগের সত্যাতা এখনও খুঁজে পায়নি বিজিবি।
নিখোঁজ ডিপজল আহমদ বারঠাকুরী ইউনিয়নের দিগালিগ্রামের আহমদ আলীর ছেলে। তিনি এখনও নিখোঁজ রয়েছেন বলে বুধবার দুপুরে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে তিনি কীভাবে নিখোঁজ হয়েছেন তা নিশ্চিত করে জানতে পারেনি বিজিবি।
স্থানীয়দের দাবি, গত রোববার রাতে ডিপজলসহ কয়েকজন যুবক ভারতের অভ্যন্তরে যান। ফেরার পথে ভারতের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে এবং গুলি চালায়। এ সময় ডিপজলের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে দেশে ফিরলেও ডিপজল নিখোঁজ রয়েছেন। বিএসএফের গুলিতে ডিপজলের মৃত্যু হয়েছে বলে দাবি করছেন তারা।
এদিকে, ডিপজলের সন্ধান না পাওয়ায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দিলে মঙ্গলবার সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় কৃষক রঞ্জিত দাসকে তুলে আনেন উত্তেজিত জনতা। পরে মঙ্গলবার রাতেই বিজিবির মাধ্যমে তাকে অক্ষত অবস্থায় বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু জানান, ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়রা ভারতীয় এক নাগরিককে তুলে এনেছিলেন। পরে মঙ্গলবার রাতে তাকে বিজিবির মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশি যুবক নিখোঁজের বিষয়টি সমাধান হয়নি। সে জীবিত নাকি মৃত সেটা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, উত্তরকুল সীমান্ত এলাকার লোকজন দাবি করছেন সীমান্তের ওপারে একজনকে গুলি করে মারা হয়েছে। কিন্তু এ নিয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বুধবার দুপুরে বলেন, ওই যুবক এখনও নিখোঁজ রয়েছেন। তিনি কীভাবে নিখোঁজ হয়েছেন তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

