লিওনেল মেসি আবারও প্রমাণ করলেন কেন তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা বলা হয়। ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় এনে দিয়েছেন অধিনায়ক। আর শিষ্যের এমন অনবদ্য পারফরম্যান্স দেখে আবেগ ধরে রাখতে পারেননি কোচ লিওনেল স্কালোনি।
কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ শেষে মেসির প্রশংসা করতে গিয়ে যেন ভাষাই হারিয়ে ফেলেন বিশ্বকাপজয়ী এই কোচ। তিনি বলেন, “আমি নির্বাক। যেদিন সে খেলা ছেড়ে দেবে, সেদিন আমরা তাকে মিস করব।”
আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে পুরো ম্যাচজুড়েই ছিলেন মেসি। বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে তিনি শুধু দলকে জয়ই এনে দেননি, ইতিহাসের পাতাতেও নিজের নাম আরও উজ্জ্বল করেছেন। ১৬ গোল নিয়ে তিনি এখন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সঙ্গে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন।
ম্যাচ শেষে মেসির সঙ্গে নিজের মুহূর্তের কথাও তুলে ধরেন স্কালোনি। তিনি বলেন, “আমি তাকে শুভেচ্ছা জানিয়েছি, চুমু দিয়েছি এবং বলেছি যে আমি তাকে অনেক ভালোবাসি। কারণ তাকে বলার মতো আর কী আছে জানি না। সে যে গোল করে, তার বাইরেও মাঠে যেভাবে প্রভাব ফেলে, তা অসাধারণ। যেদিন সে থাকবে না, সেদিন আমরা তাকে মিস করব। তাই এখন তাকে উপভোগ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
মেসির ধারাবাহিকতা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন আর্জেন্টিনা কোচ। তার ভাষায়, “এমন নয় যে আমি এটা আশা করিনি। সে তো গত ২০ বছর ধরেই একই কাজ করে আসছে। শুধু আর্জেন্টিনার সমর্থকরাই নয়, ফুটবলপ্রেমীরা সবাই এটা দেখতে চায়।”
তবে বড় জয় পেলেও ম্যাচটিকে মোটেও সহজ বলে মনে করেন না স্কালোনি। স্কোরলাইন একপেশে হলেও মাঠের লড়াই ছিল কঠিন বলে মন্তব্য করেন তিনি।
“স্কোরলাইন দেখে মনে হতে পারে ম্যাচটি সহজ ছিল। কিন্তু এটি ছিল কঠিন একটি ম্যাচ, যেখানে অনেক ওঠানামা ছিল। এটি ছিল প্রথম ম্যাচ, আর আলজেরিয়াও ভালো একটি দল।”-বলেন তিনি।
একই সঙ্গে দলের উন্নতির সুযোগও দেখছেন আর্জেন্টিনা কোচ। তার মতে, প্রতিপক্ষের শক্তিকে সম্মান করেই এগোতে হবে এবং সবসময় ম্যাচ নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। তবে দলের লড়াকু মানসিকতায় তিনি সন্তুষ্ট।
বিশ্বকাপের শুরুতেই মেসির হ্যাটট্রিক এবং আর্জেন্টিনার দাপুটে জয় নতুন করে শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখাচ্ছে সমর্থকদের। আর স্কালোনির কথায় স্পষ্ট, যতদিন মেসি খেলছেন, ততদিন তার প্রতিটি মুহূর্ত উপভোগ করতেই চান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

