আজকের মতো বিদায়!
লিওনেল মেসির অবিশ্বাস্য পারফরম্যান্স আর আর্জেন্টিনার জয়ের আনন্দে শেষ হলো আজকের লাইভ। এমন ম্যাচ দেখা এক অনন্য অভিজ্ঞতা।
এই ঐতিহাসিক দিনের পোস্ট-ম্যাচ বিশ্লেষণের দেখার জন্য চোখ রাখুন দৈনিক আমার দেশ-এর অনলাইন ও প্রিন্ট ভার্সনে। ফের দেখা হবে বড় কোনো ম্যাচে।
পরিসংখ্যানের পাতায় মেসির ইতিহাস
লিওনেল মেসি এখন ফিফা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ১৬ গোল নিয়ে মিরোস্লাভ ক্লোসের সঙ্গে সিংহাসনে বসেছেন। (উল্লেখ্য: নারীদের বিশ্বকাপে মার্তা ১৭ গোল করেছেন।)
এই ম্যাচে মেসি তার ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক করেন। ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে তিনি বিশ্বকাপে হ্যাটট্রিক করা সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড (৩৩ বছর ১৩০ দিন) ভেঙে দেন। একই সঙ্গে বিশ্বকাপ ম্যাচে ২ বা ততোধিক গোল করা সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবেও নতুন রেকর্ড গড়েন।
মেসি বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছেন, এর আগে এই কীর্তি ছিল শুধুমাত্র ক্রিশ্চিয়ানো রোনালদোর।
বিশ্বকাপে তার মোট গোলে অবদান (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে) দাঁড়িয়েছে ২৪টিতে। তিনি ছাড়িয়ে গেছেন পেলের ২১ গোল-অ্যাসিস্টের রেকর্ড।
তিনি টানা পাঁচটি বিশ্বকাপ ম্যাচে গোল করেছেন, যা তাকে ইতিহাসে অনন্য অবস্থানে নিয়ে গেছে। আর মাত্র একটি ম্যাচ গোল করলে তিনি জাস্ট ফঁতেঁন (ফ্রান্স) এবং জারজিনহোর (ব্রাজিল) রেকর্ড ছুঁতে পারবেন।
মেসি বিশ্বকাপে তার ক্যারিয়ারের পঞ্চম গোল করেছেন বক্সের বাইরে থেকে, যা গত ৬০ বছরের মধ্যে সর্বোচ্চ। এই কাতারে তার সঙ্গে আছেন ব্রাজিলের রিভেলিনো।
এছাড়া তিনি ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে অংশ নিয়েছেন। একই দিনে ছিল তার বিশ্বকাপে অভিষেক ও প্রথম গোলের ২০ বছর পূর্তি (১৬ জুন ২০০৬, সার্বিয়া ও মন্টিনেগ্রোর বিপক্ষে)।
সবশেষে, এই ম্যাচ ছিল তার ২০০তম আন্তর্জাতিক ম্যাচ, যেখানে তিনি প্রথম দক্ষিণ আমেরিকান পুরুষ খেলোয়াড় হিসেবে এবং ফুটবল ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন।

ফুল টাইম!
শেষের বাঁশি বাজিয়ে দিলেন রেফারি। গ্যালারিতে উঠল গর্জন। ডাগআউটে উল্লাসিত চেনা মুখের মিলনমেলা। ম্যাচ শেষ হলো আর্জেন্টিনার দাপুটে জয়ে। লিওনেল মেসির হ্যাটট্রিকে ভর করে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার অভিযান দারুণভাবে শুরু করল আর্জেন্টিনা।
মেসি আবারও ম্যাচের নায়ক; একটি নয়, তিনটি গোল করে পুরো ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন তিনি। এর মধ্যে শেষ গোল তাকে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মিরোস্লাভ ক্লোসের পাশেই বসিয়ে দিয়েছে। একই সঙ্গে তিনি হয়েছেন টুর্নামেন্ট ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করা খেলোয়াড়।
আলজেরিয়া চেষ্টা করেছিল, কিন্তু আর্জেন্টিনার নিয়ন্ত্রিত খেলা ও মেসির অবিশ্বাস্য ফর্মের সামনে তারা কার্যত কোনো সুযোগই তৈরি করতে পারেনি।
বিশ্বকাপ অভিযান শুরুতেই শক্ত বার্তা দিল আর্জেন্টিনা। আর মেসি আবারও প্রমাণ করলেন, বয়স শুধু একটি সংখ্যা। যে সংখ্যার ঝলকের অপেক্ষায় আর্জেন্টাইনরা।
কানসাস সিটি স্টেডিয়ামে তখন একটাই নাম প্রতিধ্বনিত হচ্ছে, “মেসি, মেসি, মেসি”।
হ্যাটট্রিকের পর লিওনেল মেসিকে মাঠ থেকে তুলে নেওয়া হলে দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানান এই কিংবদন্তিকে। পুরো স্টেডিয়াম জুড়ে গর্জে ওঠে করতালি ও শ্রদ্ধার স্লোগান।
মেসির পরিবর্তে মাঠে নামেন প্রতিভাবান তরুণ নিকো পাজ। আর্জেন্টিনা এখন ৩-০ ব্যবধানে এগিয়ে, ম্যাচের নিয়ন্ত্রণও পুরোপুরি তাদের হাতে।
আবারও জ্বলে উঠলেন লিওনেল মেসি। ৭৬ মিনিটে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানে এগিয়ে দিলেন তিনি।
শুরুটা নিকো গঞ্জালেসের সাথে সুন্দর এক পাসিং থেকে, এরপর মেসি নিজেই বক্সের প্রান্তে বল পেয়ে আবারও আক্রমণ সাজান। ফিরতি বল পেয়েই নিখুঁত নিয়ন্ত্রণে নিচু শটে জাল খুঁজে বসে যান সিংহাসনের এক পাশে।
এই গোলের মাধ্যমে তিনি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসের সমান ১৬ গোলের রেকর্ডে পৌঁছে যান। হ্যাটট্রিকের পরপরই বদলি হয়ে মাঠ থেকে উঠে যান আর্জেন্টাইন অধিনায়ক। পরের ম্যাচেই তবে কি একক রেকর্ড?
আবারও আলো ছড়ালেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে চলমান ম্যাচে দুটি গোল করে আর্জেন্টিনাকে আরও এগিয়ে দিয়েছেন তিনি।
এই ম্যাচটি মেসির জন্য বিশেষ—কারণ এটি আর্জেন্টিনার হয়ে তার ২০০তম আন্তর্জাতিক ম্যাচ এবং রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ। সেই গুরুত্বপূর্ণ ম্যাচেই তিনি আরও একবার নিজেকে প্রমাণ করলেন।
এই দুই গোলের মাধ্যমে মেসির বিশ্বকাপ গোল সংখ্যা দাঁড়াল ১৫-তে। ফলে তিনি এখন মিরোস্লাভ ক্লোসের সর্বকালের সেরা গোলদাতার রেকর্ডের আরও কাছাকাছি পৌছে গেলেন, আর মাত্র এক গোল দূরে!
মেসি কি পারবেন এই ম্যাচেই ক্লোসাকে ছুঁতে?

আবারও জ্বলে উঠলেন মেসি। ৬০তম মিনিটে তার দ্বিতীয় গোলে আর্জেন্টিনা আলজেরিয়ার বিপক্ষে ব্যবধান ২-০ করে ফেলল।
নিজেদের অর্ধ থেকে লম্বা পাস বাড়ান এমিলিয়ান মার্তিনেজ। বলটি গিয়ে পড়ে ম্যাক অ্যালিস্টারের কাছে, যিনি বক্সের বাইরে থেকে নিচু শটে চেষ্টা জাল খুঁজে নিতে। তবে আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান সেই শটটি ঠিকভাবে ধরতে ব্যর্থ হন।
গোলরক্ষকের সেই ভুলের সুযোগ নেন মেসি। রিবাউন্ড বল পেয়ে দ্রুতগতিতে গিয়ে আলতো টোকায় তিনি বল ঠেলে দেন জালে, নিশ্চিত করেন আর্জেন্টিনার দ্বিতীয় গোল।
এটি বিশ্বকাপে মেসির ১৫তম গোল, যা তার বিশ্বকাপ ইতিহাসে আরেকটি বড় মাইলফলক। ম্যাচে এখন পুরো নিয়ন্ত্রণ আর্জেন্টিনার হাতে।
৫৫ মিনিটে ম্যাচে প্রথম বড় পরিবর্তন এনেছে আর্জেন্টিনা।
লাউতারো মার্তিনেজ এবং ম্যাক অ্যালিস্টারকে তুলে নেওয়া হয়েছে। তাদের জায়গায় মাঠে নেমেছেন অ্যাটলেটিকো মাদ্রিদের জুটি—জুলিয়ান আলভারেজ এবং নিকো গঞ্জালেস।
১-০ ব্যবধানে এগিয়ে থাকা আর্জেন্টিনা এখন আক্রমণে আরও গতি আনার লক্ষ্যেই এই পরিবর্তন করেছে। অন্যদিকে আলজেরিয়া ম্যাচে ফেরার জন্য প্রতিটি সুযোগ কাজে লাগাতে মরিয়া হয়ে উঠছে।
দ্বিতীয়ার্ধ শুরু!
রেফারির বাঁশির সঙ্গে সঙ্গে দ্বিতীয়ার্ধ শুরু করেছে আলজেরিয়া। তারা মাঠের বাম দিক থেকে ডান দিকে আক্রমণে শুরু করেছে।
আর্জেন্টিনা এক পরিবর্তন এনেছে—মন্টিয়েলের পরিবর্তে মাঠে নেমেছেন নাহুয়েল মোলিনা।
১-০ ব্যবধানে পিছিয়ে থেকে আলজেরিয়া এখন ম্যাচে ফেরার চেষ্টায়, আর আর্জেন্টিনার লক্ষ্য ব্যবধান বাড়িয়ে ম্যাচটা আরও নিয়ন্ত্রণে নিতে।
হাফ টাইম!
প্রথমার্ধ শেষের বাঁশি বাজিয়েছেন রেফারি। আপাতত বিরতিতে যাচ্ছে দুই দল।
লিওনেল মেসির এক দুর্দান্ত ও কিছুটা নস্টালজিক গোলই এখন পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। আর্জেন্টিনা ১-০ ব্যবধানে এগিয়ে ড্রেসিং রুমে ফিরছে।
আলজেরিয়া রক্ষণে লড়াই করলেও আক্রমণে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি, তবে ম্যাচ এখনো পুরোপুরি শেষ হয়নি, দ্বিতীয়ার্ধে বড় পরিবর্তন আসতে পারে।
লিওনেল মেসি আবারও ফুটবল ইতিহাসে নিজের নাম উজ্জ্বল করলেন। একের পর এক পরিসংখ্যানে নতুন উচ্চতায় পৌঁছালেন আর্জেন্টাইন অধিনায়ক।
১। মেসি এখন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী এবং সবচেয়ে বেশি বয়সী গোলদাতা।
২। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৫টি বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছেন তিনি।
৩। ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে বিশ্বকাপে গোল করে তিনি টুর্নামেন্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ বয়সী গোলদাতা।
৪। বিশ্বকাপে মোট গোল অবদান ২২টিতে পৌঁছেছে, পেলেকে ছাড়িয়ে গেছেন তিনি।
৫। বিশ্বকাপে ক্যারিয়ার গোল সংখ্যা ১৪-তে পৌঁছে কিলিয়ান এমবাপ্পে ও গার্ড মুলারের সঙ্গে তৃতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন মেসি।
৩৭তম মিনিটে আবারও আক্রমণে ওঠে আর্জেন্টিনা এবং আলজেরিয়ার রক্ষণে চাপ তৈরি করে।
ম্যাক অ্যালিস্টার মাঝমাঠে বল ছিনিয়ে নিয়ে দ্রুত মেসির দিকে পাস বাড়ান। মেসি আবারও নিজের স্বভাবসুলভ দৌড়ে আলজেরিয়ার ডিফেন্স ভেঙে সামনে এগিয়ে যান।
এরপর তিনি ডান প্রান্তে লাউতারো মার্তিনেজকে পাস বাড়ান। কিন্তু ইন্টার মিলানের এই ফরোয়ার্ড ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। তার ক্রস সরাসরি বাইরে চলে যায়, ফলে আর্জেন্টিনার আরেকটি সম্ভাবনাময় আক্রমণ নষ্ট হয়ে যায়।
আলজেরিয়া এখনো ১-০ ব্যবধানে পিছিয়ে থাকলেও রক্ষণে লড়াই করে ম্যাচে টিকে আছে।

১৭ মিনিটে অবশেষে ভাঙল জমে থাকা ম্যাচের জট। আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে দিলেন লিওনেল মেসি।
ডি পলের কাছ থেকে মাঝমাঠে বল পেয়ে আলজেরিয়ার রক্ষণভাগ ভেঙে সামনে এগিয়ে যান আর্জেন্টাইন অধিনায়ক। একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে শুটিং রেঞ্জে পৌঁছে যান তিনি। এরপর বাঁ পায়ের জোরালো শটে বল জালে পাঠিয়ে দেন মেসি।
জিদান সর্বোচ্চ চেষ্টা করেও বল আটকাতে পারেননি। শটের গতি ও নিখুঁত জায়গা নেওয়ার কারণে শেষ পর্যন্ত কোনো রক্ষাই কাজে আসেনি।
এটি মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ১১৮তম গোল, এবং এই গোলেই ম্যাচে এগিয়ে যায় আর্জেন্টিনা।
এক প্রান্তে মেসির গোল অফসাইডে বাতিল হওয়ার পর অন্য প্রান্তেও একই দৃশ্য দেখা গেল।
আলজেরিয়ার ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় মাজা দারুণ একটি থ্রু পাস পান এবং বল জালে পাঠান। মুহূর্তের জন্য উল্লাসে ফেটে পড়ে আলজেরিয়ার সমর্থকরা।
তবে রিপ্লেতে দেখা যায়, মাজা পাস পাওয়ার আগে একটু বেশিই এগিয়ে গিয়েছিলেন। সহকারী রেফারি সঙ্গে সঙ্গেই অফসাইডের সংকেত দেন এবং পরে প্রধান রেফারিও গোল বাতিলের ঘোষণা দেন।
ফলে ম্যাচের দুই প্রান্তেই একটি করে গোল বাতিল হলো। শুরুটা বেশ রোমাঞ্চকর হলেও স্কোরলাইন এখনো ০-০ সমতায় রয়েছে। দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলছে এবং ম্যাচে গোলের সম্ভাবনা ক্রমেই বাড়ছে।

ম্যাচের শুরুতেই সমর্থকদের উল্লাসে ভাসিয়েছিলেন লিওনেল মেসি। তবে শেষ পর্যন্ত সেই আনন্দ স্থায়ী হয়নি।
বক্সের ঠিক বাইরে বল পেয়ে লাউতারো মার্তিনেজ দারুণ একটি পাস বাড়ান মেসির উদ্দেশে। ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক বল নিয়ন্ত্রণে নিয়ে ধীরস্থিরভাবে গোলরক্ষক জিদানকে পরাস্ত করে জালে বল পাঠান।
কিন্তু গোল উদযাপন শুরুর আগেই সহকারী রেফারির পতাকা উঠে যায়। অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেওয়া হয়।
ফলে অল্পের জন্য বিশ্বকাপের এই ম্যাচে নিজের নাম স্কোরশিটে তুলতে পারলেন না মেসি। তবে শুরু থেকেই আর্জেন্টিনার আক্রমণভাগ যে বেশ ছন্দে রয়েছে, এই সুযোগ সেটিই প্রমাণ করে।
রেফারির বাঁশির সঙ্গে সঙ্গে ম্যাচ শুরু করেছে আর্জেন্টিনা। প্রথমার্ধে বাম দিক থেকে ডান দিকে আক্রমণ করবে লিওনেল মেসির দল।
বিশ্বকাপের ‘জে’ গ্রুপের এই লড়াইয়ে শুরু থেকেই বলের দখল নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার লক্ষ্য আর্জেন্টিনার। অন্যদিকে আলজেরিয়া চাইবে শক্ত রক্ষণ গড়ে দ্রুত পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করতে।
কানসাস সিটি স্টেডিয়ামে এখন শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই।
দুই দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করছেন। আর্জেন্টিনাকে নেতৃত্ব দিতে মাঠে নামছেন অধিনায়ক লিওনেল মেসি। অন্যদিকে আলজেরিয়ার অধিনায়কের আর্মব্যান্ড হাতে দলকে নেতৃত্ব দিচ্ছেন আইসা মান্দি।
কানসাস সিটি স্টেডিয়ামে জমে উঠেছে বিশ্বকাপের আবহ। জাতীয় সঙ্গীত ও আনুষ্ঠানিকতা শেষে ‘জে’ গ্রুপের বহুল প্রতীক্ষিত এই লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও আলজেরিয়া।
একদিকে ছয় বিশ্বকাপ খেলার ইতিহাস গড়া মেসি, অন্যদিকে চমক দেখাতে মুখিয়ে থাকা আলজেরিয়া—সব মিলিয়ে রোমাঞ্চকর এক ম্যাচের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
আলজেরিয়ার সর্বশেষ পাঁচ ম্যাচ
বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়েছে
নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়েছে
উরুগুয়ের সঙ্গে ০-০ গোলে ড্র করেছে
গুয়াতমালাজে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে
নাইজেরিয়ার কাছে ২-০ গোলে হেরেছে
সর্বশেষ পাঁচ ম্যাচে তিন জয়, এক ড্র ও এক হার আলজেরিয়ার। এই সময়ে তারা ১২ গোল করেছে এবং গোল হজম করেছে মাত্র ২টি। বিশেষ করে নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দলকে হারানো তাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়েছে।
আর্জেন্টিনার সর্বশেষ পাঁচ ম্যাচ
আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে
হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে
জাম্বিয়াকে ৫-০ গোলে হারিয়েছে
মৌরিতানিয়াকে ২-১ গোলে হারিয়েছে
অ্যাঙ্গোলাকে ২-০ গোলে হারিয়েছে
অন্যদিকে আর্জেন্টিনা দুর্দান্ত ছন্দে রয়েছে। লিওনেল মেসিদের দল টানা পাঁচ ম্যাচেই জয় পেয়েছে। এই সময়ে তারা ১৪ গোল করেছে এবং হজম করেছে মাত্র ১টি। আক্রমণ ও রক্ষণ—দুই বিভাগেই দারুণ ভারসাম্য দেখিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।

লিওনেল মেসির সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি নতুন পালক। আলজেরিয়ার বিপক্ষে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচে মাঠে নেমে আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচ খেলবেন আর্জেন্টিনার অধিনায়ক।
এর মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচ খেলা ফুটবলারদের তালিকায় নিজের অবস্থান আরও শক্ত করলেন মেসি। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে আর্জেন্টিনার জার্সিতে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়া এই মহাতারকা আবারও ইতিহাসের পাতায় নাম লেখালেন।
বিশেষ তাৎপর্যের বিষয় হলো, এই ম্যাচেই মেসি বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি গড়েছেন। আর সেই ঐতিহাসিক উপলক্ষেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন তিনি।
দেশের হয়ে ২০০ ম্যাচের এই যাত্রায় মেসি জিতেছেন বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমাসহ একাধিক শিরোপা। ব্যক্তিগত অর্জনের পাশাপাশি আর্জেন্টিনাকে আধুনিক ফুটবলের অন্যতম সফল দলে পরিণত করতেও রেখেছেন অসামান্য অবদান।
বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবারের মতো একে অপরের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও আলজেরিয়া।
এর আগে দুই দল মাত্র একবারই পরস্পরের বিপক্ষে খেলেছে। ২০০৭ সালে অনুষ্ঠিত সেই প্রীতি ম্যাচে ৪-৩ গোলের রোমাঞ্চকর জয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
সেই ম্যাচে আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেছিলেন লিওনেল মেসি। এছাড়া একটি করে গোল করেন কার্লোস তেভেজ ও এস্তেবান কাম্বিয়াসো। আলজেরিয়া তিনটি গোল করলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আমেরিকার দলটি।

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি নতুন ইতিহাস গড়েছেন। ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে মাঠে নামলেন তিনি।
২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে একাদশে জায়গা পাওয়ার মধ্য দিয়ে এই অনন্য কীর্তি গড়েন মেসি। এর আগে তিনি ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছিলেন।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ফুটবলে নিজের শ্রেষ্ঠত্বের ছাপ রেখে চলা মেসি ছয়টি বিশ্বকাপে অংশ নিয়ে আরেকবার প্রমাণ করলেন কেন তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় বলা হয়।

আর্জেন্টিনার শুরুর একাদশ (৪-৩-৩):
এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), মন্টিয়েল, রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, মেদিনা, ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, ডি পল, লাউতারো মার্তিনেজ, আলমাদা, মেসি।
আলজেরিয়ার শুরুর একাদশ (৪-৪-২):
জিদান (গোলরক্ষক), বেলঘালি, মান্দি, বেনসেবাইনি, আইত-নুরি, মৌসা, বুদাউই, বেনতালেব, শাইবি, মাজা, গুইরি।
কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ‘জে’ গ্রুপের আর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচের দৈনিক আমার দেশের লাইভ ব্লগে আপনাকে স্বাগতম।