উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি) শিবিরে আবারও বড় ধরনের ফাটল ধরার জল্পনার মধ্যেই বিস্ফোরক দাবি করেছেন দলটির রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউত। তার অভিযোগ, সংসদ সদস্য কিনতে ১৫ কোটি রুপি করে অগ্রিম দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, প্রাইভেট জেটের প্রলোভনও দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন সঞ্জয়।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে সঞ্জয়ের দাবি, ‘মহারাষ্ট্রের সংসদ সদস্যদের কেনার জন্য প্রত্যেককে ১৫ কোটি রুপি করে অগ্রিম দেওয়া হচ্ছে। এ তথ্য মর্মান্তিক এবং জঘন্য।’
একই সঙ্গে প্রাইভেট জেট দেওয়ার অভিযোগও তুলেছেন সঞ্জয়। যদিও তার দাবি, উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা ঐক্যবদ্ধ রয়েছে। তিনি বলেন, পরিস্থিতি সামাল দেওয়ার সামর্থ্য রয়েছে তাদের। শুধু তাই নয়, দলীয় ‘বিদ্রোহী’ এমপিদের পৃথক দল গঠনের জল্পনাও উড়িয়ে দিয়েছেন তিনি। মনে করেন, বিদ্রোহী শিবির পর্যাপ্ত সংখ্যা পাবে না।
এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় বলেন, ‘উদ্ধব ঠাকরে প্রত্যেক এমপির জন্য কঠোর পরিশ্রম করেছেন। তাদের পাশে দাঁড়িয়েছেন। বিজেপি অর্থ দিয়ে এমপিদের প্রলোভন দেখানোর চেষ্টা করছে কিন্তু সফল হবে না। আমরা বালাসাহেব ঠাকরের আদর্শের একনিষ্ঠ অনুসারী।’
তবে উদ্ধব শিবিরে বিদ্রোহের জল্পনা উড়িয়ে দেননি সঞ্জয়। বুধবার সকালে তিনি আরো অভিযোগ করেন, তাদের দলের দুই এমপিকে নান্দেড় বিমানবন্দর থেকে নিয়ে যাওয়ার জন্য ভাড়া করা বিমান পাঠানো হয়েছিল। বিদ্রোহী এমপিদের কটাক্ষ করে সঞ্জয় বলেন, ‘ওদের রিকশায় চড়ারও সামর্থ্য ছিল না। কিন্তু ঠাকরে নামটি তাদের ব্যক্তিগত বিমানে ভ্রমণের যোগ্য করে তুলেছে।’
সূত্র: আনন্দবাজার অনলাইন
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



ইরান-মার্কিন চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল গঠন