পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশু জবাই করতে গিয়ে মাত্র ৬ ঘণ্টায় নোয়াখালীর বিভিন্ন এলাকায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। ছুরি, দা ও পশুর আঘাতে আহত এসব মানুষ বৃহস্পতিবার (২৮ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
মাজহার রাকিব নামের এক জেলা শহরের বাসিন্দা বলেন, আজ হাসপাতালে অনেক ভিড় ছিল। সবাই গোশত কাটতে গিয়ে এমন আহত হয়েছে।
হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. রানা চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদের দিনে ৬ ঘণ্টায় হঠাৎ কসাই সেজে মাংস কাটতে গিয়ে আহত হয়েছেন মোট ৩০ জন। হাত কাটা, পা কাটা কিংবা ছুরি ফসকে গিয়ে অন্যান্যভাবে আহত হয়ে তারা চিকিৎসা নিতে এসেছেন হাসপাতালে।
তিনি আরও বলেন, আহতদের বেশিরভাগই তরুণ ও মধ্যবয়সী ব্যক্তি। যারা সাধারণত চাকরি বা ব্যবসার সঙ্গে যুক্ত। কুরবানির দিন পরিবার বা পাড়ার সম্মান রক্ষার্থে কসাইয়ের কাজ করতে গিয়ে নিজেরাই পড়ে যান বিপদে। কারও হাতে ছুরি লেগেছে, কারও পা কেটে গেছে, কেউবা পশু জবাইয়ের সময় পড়ে গিয়ে আহত হয়েছেন গুরুতরভাবে।
হাসিব আল আমিন/আরকে
