বিজ্ঞাপন

দুই সন্তানকে বিষ খাওয়ানোর অভিযোগ বাবার বিরুদ্ধে

দুই সন্তানকে বিষ খাওয়ানোর অভিযোগ বাবার বিরুদ্ধে

পিরোজপুর সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে বিষ খাওয়ানোর অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত বাবার বিরুদ্ধে। সোমবার (১ জুন) রাতে উপজেলার কুমারখালি গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থ শিশুরা হলো- কুমারখালি গ্রামের বাসিন্দা সিরাজুলের ছেলে ইয়াসিন (১২) ও মেয়ে সামিয়া (৮)।

শিশু দুটির নানি তহমিনা বেগম জানান, তার জামাতা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এ কারণে তার মেয়ের সঙ্গে প্রায়ই পারিবারিক বিরোধ লেগে থাকত। একপর্যায়ে তার মেয়ে ঢাকায় চলে যান। এরপর থেকেই জামাতা বিভিন্ন সময় তাদের হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি।

তহমিনা বেগমের আরও জানান, সোমবার রাতে অভিযুক্ত ব্যক্তি পরিবারের সদস্যদের জন্য ‘শরবত’ নিয়ে আসেন। দুই শিশু সেই শরবত পান করলেও পরিবারের অন্য কেউ তা পান করেননি। কিছুক্ষণ পর ইয়াসিন ও সামিয়া অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজিব পাইক বলেন, শিশুদের শারীরিক অবস্থা ও উপসর্গ দেখে বিষক্রিয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় পরীক্ষার ফলাফল ছাড়া এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আরকে

বিজ্ঞাপন