বিজ্ঞাপন

পার্বত্যমন্ত্রীর পদত্যাগ প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ

পার্বত্যমন্ত্রীর পদত্যাগ প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার এবং তাকে পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (৩ জুন) সন্ধ্যায় রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 

আন্দোলনকারীদের দাবি, দীপেন দেওয়ান শারীরিকভাবে দায়িত্ব পালনে সক্ষম। তাকে রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে পদত্যাগে বাধ্য করা হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে সম্প্রীতি, উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে দীপেন দেওয়ানের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই তার পদত্যাগপত্র গ্রহণ না করে পুনরায় তাকে মন্ত্রীর দায়িত্বে বহাল রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

এদিকে পদত্যাগের পর থেকে রাঙামাটি শহরসহ জেলার বিভিন্ন উপজেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। এসব সমাবেশ থেকে বিএনপি নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ১ জুন মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন দীপেন দেওয়ান। এরপর থেকেই রাঙামাটিতে তার পদত্যাগ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

‎মোস্তফা কামাল রাজু/আরএআর