বিজ্ঞাপন

আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার শুনানি যে কোনো দিন: আইনমন্ত্রী

আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার শুনানি যে কোনো দিন: আইনমন্ত্রী

​মাগুরার আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার শুনানি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ বেঞ্চে রয়েছে। যে কোনো দিন এই শুনানি শুরু হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

​বুধবার (১৭ জুন) বিকেলে ঝিনাইদহের শৈলকুপার বারইপাড়া জিকে ক্যানেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

​আইনমন্ত্রী বলেন, মাগুরার আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার শুনানি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ বেঞ্চে রয়েছে। যে কোনো দিন শুনানি শুরু হবে। রামিসার মামলার শুনানির জন্যও ইতোমধ্যে যা যা পদক্ষেপ নেওয়ার দরকার, আমরা তা নিয়েছি।

​সীমান্তে পুশইন নিয়ে মন্ত্রী বলেন, ভারত পুশইন করার চেষ্টা করছে বলে আমরা পত্রপত্রিকায় দেখছি। আমাদের জায়গা থেকে আমরা এটাকে পুশইন বলছি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বিষয়টি দেখভাল করছে। সময়মতো আমাদের যে পদক্ষেপ নেওয়া দরকার, আমরা তা নেব।

​বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ প্রমুখ।

​সম্রাট হোসেন/এএমকে