আসন্ন এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহারের বিষয়ে নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে নির্ধারিত ৮ মডেলের সায়েন্টিফিক নন–প্রোগ্রামেবল মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। পাশাপাশি সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের সুযোগও থাকছে।
বুধবার (১৭ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, পরীক্ষার্থীরা সায়েন্টিফিক নন–প্রোগ্রামেবল মডেলের ক্যালকুলেটর হিসেবে Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991EX, Fx-991ES, Fx-991ES Plus এবং Fx-991CW ব্যবহার করতে পারবে।
এ ছাড়া, উল্লেখিত মডেলের বাইরে সাধারণ ক্যালকুলেটর ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়েছে।
বোর্ড আরও জানিয়েছে, পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে কাঁটাযুক্ত (নন–প্রোগ্রামেবল) হাতঘড়ি ব্যবহার করতে পারবে।
বিষয়টিকে অতীব জরুরি উল্লেখ করে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব এইচএসসি পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এইচএসসি পরীক্ষার জন্য খোলা হলো বিশেষ কন্ট্রোল রুম
এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে বিশেষ পরীক্ষা কন্ট্রোল রুম খুলেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা। পরীক্ষাসংক্রান্ত তথ্য আদান–প্রদান, জরুরি যোগাযোগ ও সার্বিক সমন্বয় কার্যক্রম এই কন্ট্রোল রুম থেকেই পরিচালনা করা হবে। সেজন্য ১টি টেলিফোন নম্বর, তিনটি মোবাইল ফোন নম্বর এবং একটি ই-মেইল ঠিকানা প্রকাশ করা হয়েছে।
বুধবার (১৭ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। এ উপলক্ষ্যে খোলা কন্ট্রোল রুমের ফোন নম্বর, মোবাইল নম্বর ও ই–মেইল ঠিকানা সর্বসাধারণের অবগতির জন্য বিভিন্ন গণমাধ্যমে প্রচার এবং সংবাদ স্ক্রলে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের কন্ট্রোল রুমের টেলিফোন নম্বরটি হলো — ০২-২২৩৩৬৯৮১৫। এছাড়া যোগাযোগের জন্য মোবাইল নম্বর ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩ ও ০১৭৫৬১০৩১৫২ নির্ধারণ করা হয়েছে। ই–মেইল ঠিকানাটি হলো— [email protected]।
প্রসঙ্গত, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হয়ে লিখিত পরীক্ষা ৮ আগস্ট পর্যন্ত চলবে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার রুটিন আন্তঃশিক্ষা বোর্ড একই সঙ্গে প্রকাশ করেছে।
আরএইচটি/এসএম
