বিমানবন্দরে যাত্রীদের সঙ্গে তুমুল ঝগড়ায় জড়িয়েছেন ভারতীয় প্রতিষ্ঠান স্পাইসজেটের এক কর্মী। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এ ধরনের কর্মকাণ্ড ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার পর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে। বুধবার (১৭ জুন) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ১৩ জুন বাগডোগরা থেকে দিল্লিগামী স্পাইসজেটের একটি ফ্লাইট প্রথমে বিলম্বিত হয়। এরপর ফ্লাইটটি বাতিল করা হয়। এ সময় যাত্রীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন প্রতিষ্ঠানটির এক কর্মী (বিমানবালা)।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, অন্য যাত্রীদের উপস্থিতিতেই ওই এয়ারলাইন্সের কর্মী ক্ষুব্ধ যাত্রীদের সঙ্গে তর্কাতর্কি করছেন।
— Ramesh Tiwari (@rameshofficial0) June 16, 2026
এক বিবৃতিতে স্পাইসজেট বলেছে, প্রতিকূল আবহাওয়া এবং পরিচালনগত সীমাবদ্ধতার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বাগডোগরায় প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত বিমানটিকে কলকাতায় ঘুরিয়ে দেওয়া হয়েছিল। এর ফলে প্রথমে ফ্লাইট ডিলে এবং পরবর্তীতে পরিচালন সময় সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে বাতিল করতে হয়।
কর্তৃপক্ষ বলছে, এ ঘটনায় কিছু যাত্রী ক্ষুব্ধ হন। কর্মীদের সঙ্গে যাত্রীদের কথা কাটাকাটি শুরু হয়। আবহাওয়া পরিস্থিতির উপর কোনো এয়ারলাইনের নিয়ন্ত্রণে না থাকলেও, যাত্রীদের অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। যাত্রী, ক্রু এবং নিরাপদ কার্যক্রম বজায় রাখা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
প্রতিষ্ঠানটি বলছে, ছড়িয়ে পড়া ভিডিওর ঘটনাটিকে অত্যন্ত গুরুতর হিসেবে নেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হবে। তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: এনডিটিভি
এমবি
