বিজ্ঞাপন

চট্টগ্রামে অমিত ফুডকে ৩ লাখ টাকা জরিমানা, কনকা ড্রিংকিং ওয়াটার বন্ধ

চট্টগ্রামে অমিত ফুডকে ৩ লাখ টাকা জরিমানা, কনকা ড্রিংকিং ওয়াটার বন্ধ

চট্টগ্রামের পাহাড়তলীতে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান অমিত ফুড প্রোডাক্টসকে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। একই অভিযানে কনকা ড্রিংকিং ওয়াটার নামের একটি প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৭ জুন) সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে পাহাড়তলী এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে অমিত ফুড প্রোডাক্টসে খাদ্য উৎপাদনের পরিবেশে তেলাপোকা, ইঁদুর, পোকামাকড় ও বিড়ালের বিচরণসহ মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ নানা বিষয় পরিলক্ষিত হয়। এছাড়া প্রতিষ্ঠানটি মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্স ও বিএসটিআই সনদ ছাড়া কার্যক্রম পরিচালনা করছিল এবং নিম্নমানের খাদ্যদ্রব্য উৎপাদনের অভিযোগ পাওয়া যায়।

এছাড়া খাদ্যপণ্যের লেবেলিংয়ে নির্ধারিত নিয়ম অনুসরণ না করে অসম্পূর্ণ লেবেল ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অন্যদিকে একইদিনে পাহাড়তলীতে কনকা ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানে অভিযান চালানোর সময় মালিকপক্ষ সরকারি কাজে সহযোগিতা না করে পালিয়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর এবং পাহাড়তলী থানা, সিএমপির একটি টিম সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এমআর/বিআরইউ