Logo
Logo
×

আন্তর্জাতিক

বাংলাদেশ নিয়ে যে বার্তা দিল ভারত

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ পিএম

বাংলাদেশ নিয়ে যে বার্তা দিল ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে ভারত—এমন মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (২৬ ডিসেম্বর) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোকে শুধু ‘মিডিয়ার অতিরঞ্জন’ বা ‘রাজনৈতিক সহিংসতা’ হিসেবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের উত্তরে জয়সওয়াল বলেন, গত কয়েক দিনে বাংলাদেশ প্রসঙ্গে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য ভারতের পক্ষ থেকে একাধিকবার প্রত্যাখ্যান করা হয়েছে। তিনি জানান, বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলো সম্পর্কে ভারত অবগত রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে ধারাবাহিক বিদ্বেষ ও সহিংসতার ঘটনাগুলো ভারতের জন্য গভীর উদ্বেগের বিষয়। বিশেষ করে ময়মনসিংহে এক হিন্দু যুবকের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এদিকে রাজবাড়ীর পাংশা উপজেলায় সম্প্রতি সংঘটিত এক গণপিটুনির ঘটনায় অমৃত মণ্ডল ওরফে সম্রাট (২৯) নামে একজন নিহত হওয়ার ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করেছে বাংলাদেশ সরকার। তবে সরকার স্পষ্ট করেছে, এটি কোনো সাম্প্রদায়িক হামলা ছিল না।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, এই হত্যাকাণ্ড সাম্প্রদায়িক কারণে নয়; বরং চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার ফল।

সরকারি বিবৃতিতে বলা হয়, নিহত অমৃত মণ্ডল একজন শীর্ষ সন্ত্রাসী ছিলেন এবং চাঁদা আদায়ের উদ্দেশ্যে এলাকায় গেলে স্থানীয় জনতার সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে তিনি নিহত হন। তার বিরুদ্ধে ২০২৩ সালে দায়ের করা হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক গুরুতর মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।

অন্যদিকে, ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন, কলকাতার উপ-দূতাবাস ও শিলিগুড়ির ভিসা সেন্টারের সামনে সম্প্রতি বিজেপি ও কয়েকটি কট্টরপন্থি সংগঠনের বিক্ষোভ এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহের ঘটনা ঘটেছে। এসব ঘটনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন