ঝিনাইদহে ১০ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে আধুনিক কসাইখানা উদ্বোধন
ঝিনাইদহ করেসপনডেন্ট
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৩:২৮ পিএম
ঝিনাইদহে ১০ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে আধুনিক কসাইখানা উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টায় এটি উদ্বোধন করেন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
প্রকল্পের তথ্য মতে, কসাইখানাটি নির্মাণের লক্ষ্যে ২০২৩ সালের ১৫ জানুয়ারি এলডিডিপি এবং ঝিনাইদহ পৌর কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরবর্তীতে ২০২৩ সালের ৬ আগস্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ক্রিস্টালটেক-এনএকে (জেভি)’ কসাইখানার নির্মাণ কাজ শুরু করে। দীর্ঘ আড়াই বছরের প্রক্রিয়া শেষে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি (১৮-০২-২০২৬) আনুষ্ঠানিকভাবে আধুনিক এই কসাইখানাটি ঝিনাইদহ পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পূর্ণ আধুনিক এই কসাইখানাটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ১০ কোটি ৮২ লাখ ৩১ হাজার টাকা। ৪৯ শতক জমির ওপর নির্মিত এই কসাইখানার মূল উৎপাদন বা পশু জবাইয়ের স্থানটি আড়াই হাজার বর্গফুট এলাকাজুড়ে বিস্তৃত।
এ বিষয়ে ঝিনাইদহের পৌর প্রশাসক রথীন্দ্র নাথ রায় বলেন, সর্বাধুনিক কসাইখানায় গরু ও ছাগল আলাদা ভাবে জবাই ও প্রক্রিয়াজাতকরণের জন্য দুটি পৃথক ‘স্লটার লাইন’ রয়েছে। স্বয়ংক্রিয় এই কসাইখানায় প্রতি ঘণ্টায় ১০ থেকে ১২টি গরু এবং ২০টি ছাগল সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপায়ে প্রক্রিয়াজাত করা সম্ভব।
/এসআর