×
Logo

আন্তর্জাতিক

লেবাননে যুদ্ধবিরতির দাবি জি৭ নেতাদের, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে স্বাগত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৪:৫৭ পিএম

লেবাননে যুদ্ধবিরতির দাবি জি৭ নেতাদের, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে স্বাগত

লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন জি৭ভুক্ত দেশের নেতারা। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া অন্তর্বর্তীকালীন চুক্তিকে স্বাগত জানিয়েছেন তারা। তারা বলেন, ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালির ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে জ্বালানি সরবরাহের নতুন ও বিকল্প পথ তৈরির পরিকল্পনার করা হচ্ছে। খবর রয়টার্সের। 

বুধবার (১৭ জুন) ফ্রান্সের লেক জেনেভার তীরবর্তী শহর এভিয়ান-লে-বাঁয়ে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনের বৈঠকে বিশ্ব নেতারা মিলিত হন। এ সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির বিভিন্ন তথ্য প্রকাশ হতে শুরু করে, যা আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে উন্মোচন হওয়ার কথা রয়েছে।  

এক যৌথ বিবৃতিতে জি৭ নেতারা বলেন, আলোচনার মাধ্যমে ইরানকে ঘিরে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা উদ্বেগ মোকাবিলা করতে হবে। একই সঙ্গে ইরান যেন কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করতে হবে বলেও জানান তারা। 

তারা আরও বলেন, চুক্তি বাস্তবায়নে তারা সহায়তা করবেন এবং পরিকল্পনা অনুযায়ী শুক্রবার হরমুজ প্রণালি পুনরায় খুলে গেলে ব্রিটেন ও ফ্রান্সের নেতৃত্বে একটি জোট সেখানে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করবে।

সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ইরান চুক্তির বিষয়টি ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপানের নেতাদের সামনে তুলে ধরেন। যদিও এসব দেশ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের সঙ্গে একমত, তবে তারা যুদ্ধের সিদ্ধান্তকে সমর্থন করেনি। তাদের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের সামরিক চাপ মোকাবিলা করে এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ধরে রেখে ইরান কিছুটা কৌশলগত সুবিধা অর্জন করেছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি হতে যাওয়া চুক্তিটি মূলত একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে পরবর্তী ৬০ দিন আলোচনা চালিয়ে যাওয়ার পথ তৈরি করবে।

তবে, যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো লেবাননের পরিস্থিতি। গত মার্চ মাসে ইরানের প্রতি সমর্থন জানিয়ে সীমান্তে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে ইসরায়েল লেবাননে সামরিক অভিযান শুরু করে।

বর্তমানে দক্ষিণ লেবাননের একটি বড় অংশ ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এই সংঘাতে ১০ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। তবে সশস্ত্র গোষ্ঠীটি এখনো সক্রিয় রয়েছে।

ইরান জানায়, যুদ্ধবিরতি কার্যকর করতে হলে লেবাননেও সব ধরনের সংঘাত বন্ধ করতে হবে। পাশাপাশি স্থায়ী শান্তি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলকে লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে হবে। তবে, ইসরায়েল তাদের সেনা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানায়। 

এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। জি৭ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে বলেন, পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েলের ভূমিকা নিয়ে তিনি সন্তুষ্ট নয়। 

এদিকে, যৌথ বিবৃতিতে জি৭ নেতারা লেবাননে অবিলম্বে কার্যকর যুদ্ধবিরতি এবং হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, জ্বালানি সরবরাহের বিকল্প পথ দ্রুত সম্প্রসারণসহ হরমুজ প্রণালির ওপর বৈশ্বিক নির্ভরতা কমানো এবং জ্বালানির মজুত বৃদ্ধি করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তারা। 

/এএন


Logo