ভাইরাল সংগীতশিল্পী লাইলী বেগমকে ৩ লাখ টাকার অনুদান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৩:৩৪ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে ভাইরাল হওয়া শিল্পী লাইলী বেগমকে ৩ লাখ টাকার অনুদান দিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বুধবার (১৭ জুন) সকালে সচিবালয়ে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী লাইলী বেগমের হাতে এই অনুদানের চেক তুলে দেন।
এ বিষয়ে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, কোনো প্রাতিষ্ঠানিক পরিচর্যা ছাড়াই মাটির কাছ থেকে উঠে এসেছেন লাইলী বেগম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামও ছিলেন মাটির সন্তান। ফেসবুকে লাইলী বাউলের গান দেখে তাকে সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, অনুদান দেওয়ার পাশাপাশি লাইলী বেগমকে ফরিদপুর শিল্পকলা একাডেমির কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগও নেওয়া হয়েছে।
এ বিষয়ে লাইলী বেগম বলেন, আমার মতো একজন শিল্পীকে সচিবালয়ে এনে সম্মান জানানো বড় বিষয়। এজন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।
/এমএসটি/এসআর