ফোন নম্বর ছাড়াই যেভাবে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন
আইটি ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০২৬, ০১:২৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ব্যবহারকারীদের গোপনীয়তা আরও শক্তিশালী করতে নতুন ইউজারনেম সুবিধা চালুর পরিকল্পনা করছে হোয়াটসঅ্যাপ। এই ফিচার চালু হলে ফোন নম্বর শেয়ার না করেও অন্যদের সঙ্গে যোগাযোগ করা যাবে। নতুন এই ব্যবস্থাটি অনেকটা টেলিগ্রাম এবং ইনস্টাগ্রাম ইউজারনেমভিত্তিক যোগাযোগ পদ্ধতির মতো কাজ করবে।
মেটার মালিকানাধীন এই মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের জন্য স্বতন্ত্র একটি ইউজারনেম তৈরির সুযোগ আনতে যাচ্ছে। ফলে কেউ যোগাযোগ করলে ফোন নম্বরের পরিবর্তে ব্যবহারকারীর নির্ধারিত নাম বা হ্যান্ডেল দেখা যাবে।
বর্তমানে হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য ফোন নম্বর অপরিহার্য হলেও নতুন এই সুবিধা চালু হলে অপরিচিত ব্যক্তি বা নতুন সংযোগের ক্ষেত্রে ব্যক্তিগত নম্বর গোপন রাখা সহজ হবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি বাধ্যতামূলক নয়। অর্থাৎ ব্যবহারকারীরা চাইলে আগের মতো ফোন নম্বর ব্যবহার করেই অ্যাপটি চালাতে পারবেন। আবার যারা অতিরিক্ত গোপনীয়তা চান, তারা ইউজারনেম ব্যবহার করতে পারবেন।
প্রতিটি অ্যাকাউন্টের জন্য একটি ইউজারনেম নির্ধারণ করা যাবে এবং পরে প্রয়োজন অনুযায়ী সেটি পরিবর্তন করার সুযোগও থাকবে। তবে ইউজারনেম পরিবর্তনের ফলে পুরোনো কথোপকথন বা অ্যাকাউন্ট সেটিংসে কোনো পরিবর্তন আসবে না। যদিও অ্যাকাউন্টে প্রবেশ বা পুনরুদ্ধারের জন্য ফোন নম্বর আগের মতোই প্রয়োজন হবে।
ইউজারনেম তৈরির ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট নিয়ম থাকবে। এটি ৩ থেকে ৩৫ অক্ষরের মধ্যে হতে হবে এবং অন্তত একটি ইংরেজি বর্ণ থাকা বাধ্যতামূলক। এছাড়া শুধু ইংরেজি অক্ষর, সংখ্যা, আন্ডারস্কোর ও ডট ব্যবহারের অনুমতি থাকবে।
তবে কিছু সীমাবদ্ধতাও রাখা হয়েছে। যেমন ইউজারনেম ‘www’ দিয়ে শুরু করা যাবে না, শুরু বা শেষে ডট ব্যবহার করা যাবে না এবং পরপর দুটি ডটও গ্রহণযোগ্য হবে না। একই সঙ্গে .com, .org বা .in-এর মতো ডোমেইন এক্সটেনশন ব্যবহার করেও ইউজারনেম শেষ করা যাবে না।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই সুবিধা বিশেষ করে অনলাইন ব্যবসা, কমিউনিটি পরিচালনা এবং নতুন মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে কার্যকর হতে পারে। এতে ব্যক্তিগত ফোন নম্বর শেয়ার না করেই যোগাযোগের সুযোগ তৈরি হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে অন্যান্য প্ল্যাটফর্মে জনপ্রিয় ইউজারনেমভিত্তিক ব্যবস্থার মতো এটি ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তা আরও বাড়াতে সহায়তা করতে পারে।


