Logo
Logo
×

রাজনীতি

বিল্লাল হত্যাকাণ্ড নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন বাবু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৭:৩৮ পিএম

বিল্লাল হত্যাকাণ্ড নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন বাবু

রাজধানীর রমনা এলাকার মৌচাক আনারকলি মার্কেটের কাছে রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক ও মহানগর দক্ষিণের সদস্য বিল্লাল হোসেন তালুকদারকে (৫৭) হত্যার ঘটনাকে কেন্দ্র করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সাবেক রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু। 

তিনি ফেসবুকে একাধিক ভিডিও বার্তায় দাবি করেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানোর চেষ্টা করা হচ্ছে।

বাবু বলেন, এ ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই। একটি স্বার্থান্বেষী মহল নিজেদের ফায়দা হাসিলের উদ্দেশ্যে আমাকে ফাঁসানোর অপচেষ্টা চালাচ্ছে।

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। একই সঙ্গে প্রতিহিংসার বশবর্তী হয়ে নিরপরাধ ব্যক্তিদের যেন হয়রানি বা ফাঁসানো না হয়, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

বাবু দাবি করেন, যেদিন থেকে আমার কমিশনার প্রার্থী হওয়ার বিষয়টি আলোচনায় আসে, সেদিন থেকেই একটি পক্ষ আমার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র শুরু করে।

তিনি আরও দাবি করেন, নিহত বিল্লালের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। তার ভাষ্য, বিল্লাল ভাইয়ের সঙ্গে আমার আন্তরিক সম্পর্ক ছিল। একটি পক্ষ এলাকায় নিজেদের আধিপত্য বিস্তারের লক্ষ্যে দলের ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

বিল্লাল হত্যাকাণ্ড ঘিরে বাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে রমনা থানার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত সোমবার (৮ জুন) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (দপ্তরের দায়িত্বে) নুরুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য ও রমনা থানা যুবদলের আহ্বায়ক নিদারুল ইসলাম বাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে রমনা থানা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত ৮ জুন রমনার মৌচাক আনারকলি মার্কেট সংলগ্ন এলাকায় বিল্লাল হত্যা ঘটনাকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। মামলা হয়েছে ও ৫ জনকে জন গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম