Logo
Logo
×

আনন্দ নগর

রজনীকান্তের ‘বাশা’য় অনুপ্রাণিত সামান্থার নতুন সিনেমা

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রজনীকান্তের ‘বাশা’য় অনুপ্রাণিত সামান্থার নতুন সিনেমা

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর নতুন সিনেমা ‘মা ইন্টি বাঙ্গারাম’ মুক্তির আগেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া এ অ্যাকশন-কমেডি সিনেমাটি শুধু সামান্থার অভিনয়ের জন্য নয়, এর গল্প, নির্মাণশৈলী এবং ব্যতিক্রমী নারী-কেন্দ্রিক উপস্থাপনার কারণেও আলোচনায় রয়েছে।

সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, সিনেমাটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ৩৪ মিনিট ৩০ সেকেন্ড। একইসঙ্গে এটি ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে ইউ/এ সনদও পেয়েছে। দীর্ঘ রানটাইম সত্ত্বেও নির্মাতারা আশাবাদী, সিনেমার গল্প ও বিনোদনমূলক উপাদান দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখতে সক্ষম হবে।

সিনেমার পরিচালক বি ভি নন্দিনী রেড্ডি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, ‘মা ইন্টি বাঙ্গারাম’ মূলত কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত অভিনীত কালজয়ী সিনেমা ‘বাশা’র গল্প বলার ধাঁচ থেকে অনুপ্রাণিত। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। যেখানে ‘বাশা’-তে একজন পুরুষ চরিত্রের রহস্যময় অতীত ছিল গল্পের মূল আকর্ষণ, সেখানে ‘মা ইন্টি বাঙ্গারাম’-এ সেই জায়গায় দেখা যাবে একজন নারীকে।

গল্পে সামান্থা অভিনয় করেছেন এক সদ্যবিবাহিত তরুণীর চরিত্রে, যিনি স্বামীর রক্ষণশীল পরিবারের সঙ্গে নতুন জীবন শুরু করেন। বাইরে থেকে তাকে সাধারণ ও শান্ত স্বভাবের মনে হলেও তার অতীতে লুকিয়ে রয়েছে এক বিস্ফোরক অধ্যায়। শ্বশুরবাড়ির সদস্যদের আস্থা অর্জনের সংগ্রামের মাঝেই তার পুরোনো জীবন ফিরে আসে, আর তখনই পরিবারকে রক্ষার জন্য তাকে মোকাবিলা করতে হয় বিপজ্জনক অপরাধচক্রের।

এ সিনেমার আরেকটি বিশেষ দিক হলো, সামান্থা শুধু প্রধান চরিত্রেই অভিনয় করেননি, তিনি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ট্রালালা মুভিং পিকচার্সের ব্যানারেও এটি সহ-প্রযোজনা করেছেন। ফলে প্রকল্পটির সঙ্গে তার ব্যক্তিগত সম্পৃক্ততাও অনেক বেশি।

সিনেমায় সামান্থার পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন গুলশান দেবাইয়া, দিগন্ত মানচালে, গৌতমী, শ্রীমুখীসহ আরও অনেক পরিচিত মুখ। সংগীত পরিচালনা করেছেন সান্থোষ নারায়ণন, যার কাজ নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।

নারী-কেন্দ্রিক অ্যাকশন, পারিবারিক আবেগ, রহস্যময় অতীত এবং বাণিজ্যিক বিনোদনের মিশেলে মা ইন্টি বাঙ্গারাম যে এ বছরের অন্যতম আলোচিত দক্ষিণী ছবি হতে যাচ্ছে, তা বলাই যায়। তবে মুক্তির আগে আরেকটি তথ্যও আলোচনায় এসেছে। সামান্থা নিজেই জানিয়েছেন, সিনেমাটির গল্প প্রথমে অভিনেত্রী সাই পল্লবীকে শোনানোর পরিকল্পনা ছিল নির্মাতাদের। তবে শেষ পর্যন্ত এই চ্যালেঞ্জিং চরিত্রটি সামান্থার হাতেই আসে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম