‘মহান্তি’ নিয়ে মুখ খুলেছেন কীর্তি সুরেশ
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী কীর্তি সুরেশ আবারও আলোচনায় এসেছেন তার অন্যতম প্রশংসিত পারফরম্যান্স ‘মহান্তি’কে ঘিরে। কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী’র জীবনভিত্তিক এ সিনেমায় অভিনয় করে তিনি যেমন প্রশংসা কুড়িয়েছিলেন, তেমনি অর্জন করেছিলেন সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সম্প্রতি এক সাক্ষাৎকারে কীর্তি জানিয়েছেন, এ চরিত্রে নিজেকে তৈরি করা পেছনে ছিল গভীর গবেষণা, ব্যক্তিগত অভিজ্ঞতা ও নানা মানুষের কাছ থেকে শোনা অসংখ্য গল্প। শুধু সাবিত্রীর সিনেমা দেখাই নয়, বরং তার ব্যক্তিগত জীবন বোঝাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
কীর্তির মতে, সাবিত্রীর অন-স্ক্রিন পারফরম্যান্স থেকে তার চরিত্র বোঝা সম্ভব হলেও অফ-স্ক্রিন ব্যক্তিত্ব বুঝতে তিনি সরাসরি যোগাযোগ করেন সাবিত্রীর মেয়ে বিজয়া চামুন্ডেশ্বরীর সঙ্গে। তার কাছ থেকেই তিনি বহু অজানা তথ্য ও ব্যক্তিগত স্মৃতি জানতে পারেন, যা চরিত্র নির্মাণে বড় ভূমিকা রাখে।
অভিনেত্রী বলেন, শুধু সিনেমা দেখে তিনি সন্তুষ্ট ছিলেন না। তাই তিনি সাবিত্রীর জীবন সম্পর্কে আরও গভীরভাবে জানতে চান। বিজয়া চামুন্ডেশ্বরীর সঙ্গে আলাপচারিতা এবং শুটিং সেটে তার শেয়ার করা স্মৃতিগুলো কীর্তিকে সাবিত্রীর আরও মানবিক ও বাস্তব রূপ বুঝতে সাহায্য করে। এ ছাড়া একটি ছোট রেডিও সাক্ষাৎকার ও ভক্তদের নানা গল্প থেকেও তিনি সাবিত্রীর স্বভাব, হাস্যরস ও ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা পান। কীর্তির ভাষায়, এসব ভিন্ন ভিন্ন তথ্য একত্র করে তিনি ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ চরিত্র নির্মাণ করতে সক্ষম হন।
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘মহান্তি’ ভারতীয় সিনেমায় এক গুরুত্বপূর্ণ বায়োপিক হিসাবে বিবেচিত হয়, যেখানে সাবিত্রীর জীবনের সাফল্য ও ব্যক্তিগত সংগ্রাম তুলে ধরা হয়। কীর্তির অভিনয় এখানে দর্শক ও সমালোচক উভয়ের কাছেই ব্যাপক প্রশংসা পায়। বর্তমানে কীর্তি সুরেশ বেশ কয়েকটি নতুন প্রকল্প নিয়ে ব্যস্ত আছেন, যার মধ্যে রয়েছে ‘রাফতার’, ‘সত্যবান সাবিত্রী’, এবং ‘আক্কা’।
