চবিতে জরাজীর্ণ ট্রেন বাদ, নতুন ট্রেন উদ্বোধন
চবি প্রতিনিধি
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৮:২৭ পিএম
চবিতে জরাজীর্ণ ট্রেন বাদ, নতুন ট্রেন উদ্বোধন
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি পুরাতন ট্রেন বাদ দিয়ে নতুন করে দশ বগির একটি শাটল ট্রেন উদ্বোধন করা হয়েছে। এছাড়া অপর ট্রেনটিতেও তুলনামূলক ভালো বগি সংযুক্ত করা হবে দ্রুতই।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টায় চট্টগ্রামের বটতলী স্টেশনে ট্রেনটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।
তিনি বলেন, আমি দায়িত্ব গ্রহণ করেছি এখনো তিন মাস হয়নি। ইতোমধ্যেই ক্যাম্পাসে একটা বড় সংযোজন হয়েছে, আমরা অনেক দিনের পুরোনো একটা রেল পরিবর্তন করে নতুন ট্রেন নিয়ে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন- চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ইব্রাহীম হোসেন রনি এবং পরিবহণ ও আবাসন সম্পাদক ইসহাক ভূঁইয়া।
ইসহাক ভূঁইয়া বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে নিয়মিতভাবে দুইটা শাটল ট্রেন চলাচল করে; কিন্তু দুইটা ট্রেনের মধ্যে একটা ট্রেনের সব বগি পরিবর্তন করে নতুন বগি সংযোজন করা হয়েছে।
তিনি বলেন, পুরাতন বগিগুলোতে বেশকিছু মৌলিক সমস্যা ছিল। ফ্যান চলত না, লাইটগুলো ভাঙা ছিল, অনেক বগির সিলিং ও ফ্লোর নষ্ট ছিল।
চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, চবি শিক্ষার্থীদের জন্য নতুন শাটল ট্রেন এসেছে। এটা আনন্দের। অপর শাটলটিতেও কিছু বগি পরিবর্তন করে তুলনামূলক ভালো বগি সংযুক্ত করা হবে।
তিনি জানান, আমরা দাবি জানিয়েছিলাম, দুইটা ট্রেনে যেহেতু শিক্ষার্থীদের সংকলন হচ্ছে না, সেহেতু নতুন করে আরেকটা ট্রেন যাতে চালু করা হয়। আশাকরি দ্রুত শিক্ষার্থীদের সেই আশাও পূরণ হবে।
প্রসঙ্গত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেন চালু হয়। বর্তমানে ২টি শাটল ট্রেনই বিশ্ববিদ্যালয়ের ২৮ হাজার শিক্ষার্থীর যাতায়াতের প্রধান মাধ্যম।
