Logo
Logo
×

সারাদেশ

খেলা নিয়ে কথা কাটাকাটি, দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৬:২৯ পিএম

খেলা নিয়ে কথা কাটাকাটি, দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা

টুঙ্গিপাড়া থানা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে এক শিক্ষার্থীকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে তার সহপাঠীদের বিরুদ্ধে। মঙ্গলবার বিকালে বিদ্যালয় থেকে বাড়িতে ফেরার পথে উপজেলার কাজিরপোল ব্রিজে এ ঘটনা ঘটে।

আহত আরাফাত ইসলাম নয়ন টুঙ্গিপাড়ার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। আহত নয়ন বর্তমানে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় নয়নের পিতা খালিদ শেখ মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন- উপজেলার গিমাডাঙ্গা উত্তরপাড়ার এনায়েত মুন্সীর ছেলে রোমান মুন্সী, পাঁচকাহনিয়া গ্রামের চান মিয়ার ছেলে ওসমান, পাঁচকাহনিয়া পশ্চিমপাড়ার মোকসেদের ছেলে কাদের ও বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী ফাহিম, শাওন, রাকিব। 

আহত নয়নের পিতা খালিদ শেখ বলেন, কয়েক মাস আগে স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও দশম শ্রেণির নতুন ছাত্রদের মধ্যে ফুটবল খেলা হয়। খেলাধুলা চলাকালে দুইপক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। পরে উভয়পক্ষের মুরব্বি ও শিক্ষকদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করা হয়; কিন্তু ওই ঘটনার জের ধরে মঙ্গলবার বিকালে বিদ্যালয় থেকে ফেরার পথে আমার ছেলে নয়নকে হাতুড়ি দিয়ে পিটিয় আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আমার ছেলেকে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি।

টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, মারপিটের ঘটনায় খালিদ শেখ নামের এক ব্যক্তি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম