ছুরিকাঘাতে যুবককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৬:৩২ পিএম
দক্ষিণ কেরানীগঞ্জ থানা
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তরিকুল ইসলাম পবন (২৭) নামে এক যুবককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম। তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর বাজার ব্রিজের উপর এ ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম পবন ঢাকার শ্যামপুর থানার পোস্তগোলা কলিমুল্লাহবাগ এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম মাসুদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে পবন মোটরসাইকেলযোগে আব্দুল্লাহপুর বাজার ব্রিজ এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় তার মোটরসাইকেলের পেছনে এক নারীযাত্রী ছিলেন। তবে ওই নারীর পরিচয় জানা যায়নি। পথে একদল ছিনতাইকারী মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পবনকে ছুরিকাঘাত করে সড়কে ফেলে দেয়। পরে তারা মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পথচারীদের সহায়তায় গুরুতর আহত অবস্থায় পবনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
