৫ বছরের শিশু ধর্ষণ, বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৬:৩৮ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নাটোরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় জালাল উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৭ জুন) দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. তৈয়ব আলী এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত জালাল উদ্দিনের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার লক্ষীপুর মধ্যপাড়া গ্রামে। মামলার রায় ঘোষণার পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুন্সি আবুল কালাম আজাদ জানান, ২০২৩ সালের আগস্ট মাসে অভিযুক্ত জালাল উদ্দিন কৌশলে শিশুটিকে ফুঁসলিয়ে তার ঘরে ডেকে নিয়ে যান এবং তাকে ধর্ষণ করেন। পরবর্তীতে শিশুটির কান্নাকাটি ও শারীরিক অবস্থা দেখে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারেন। ঘটনার পরপরই শিশুটির মা বাদী হয়ে নাটোরের গুরুদাসপুর থানায় জালাল উদ্দিনকে একমাত্র আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
পরবর্তীতে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। এরপর দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে মামলাটি রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। পরে শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

