Logo
Logo
×

সারাদেশ

সরকার সমাজের সুবিধাবঞ্চিতদের উন্নয়নে কাজ করছে: ভূমি প্রতিমন্ত্রী

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৮:০৯ পিএম

সরকার সমাজের সুবিধাবঞ্চিতদের উন্নয়নে কাজ করছে: ভূমি প্রতিমন্ত্রী

ছবি: যুগান্তর

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, বর্তমান সরকার সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। নির্বাচনের আগে তারেক রহমান জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, তা পর্যায়ক্রমে স্বল্প সময়ের মধ্যেই বাস্তবায়ন করা হচ্ছে।

বুধবার (১৭ জুন) দুপুরে হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রায় ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করেছিল। সরকারের ১২০ দিনের মধ্যেই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ভাতা প্রদান শুরু করা হয়েছে। ফ্যামিলি কার্ড কোনো রাজনৈতিক বিবেচনায় নয়; বরং দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন ক্যাটাগরিতে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রদান করা হচ্ছে।

বাজেট সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, চলতি মাসে ঘোষিত বাজেট অতীতের সব বাজেটকে ছাড়িয়ে গণমুখী বাজেটে পরিণত হয়েছে। সাধারণত বাজেটের পর বাজারে পণ্যের দাম বাড়ে, তবে এবারের বাজেটে শুধু সিগারেট ও মদের দাম বৃদ্ধি পেয়েছে। তিনি দাবি করেন, সরকারের একজন মন্ত্রী বিভিন্ন বাজার পরিদর্শন করে নিশ্চিত করেছেন যে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পায়নি।

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. সফিকুল আলম, চট্টগ্রাম পুলিশ সুপার মো. মাসুদ আলম (বিপিএম) এবং বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম।

উপজেলা প্রশাসন হাটহাজারীর আয়োজনে এবং সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

এদিকে সিলেটের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী তৃতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির উদ্বোধন করেন। ওই অনুষ্ঠানে গুমানমর্দ্দন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উপকারভোগী জেলে পরিবারের সদস্য সারথি দাস ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এরপর প্রতিমন্ত্রী গুমানমর্দ্দন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ১২৪ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন।

অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নূর মোহাম্মদ, হাটহাজারী পৌরসভা বিএনপির নেতা জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ গিয়াস উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি ত্বকিবুল ইসলাম তকি এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম