মাড়ি দিয়ে রক্ত পড়া ও মুখের দুর্গন্ধ
ডা. আখি আক্তার আন্নী
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
মুখগহ্বর আমাদের স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু অনেকেই মাড়ি দিয়ে রক্ত পড়া ও মুখের দুর্গন্ধ সমস্যাকে অবহেলা করেন। দুটি সমস্যা শুধু অস্বস্তিকরই নয়, বরং গুরুতর রোগের পূর্বলক্ষণও হতে পারে।
* মাড়ি দিয়ে রক্ত পড়ার কারণ
এটি কোনো স্বাভাবিক বিষয় নয়। এর প্রধান কারণগুলো হলো-
▶ প্লাক ও ক্যালকুলাস জমা : দাঁতের ওপর জমে থাকা ব্যাকটেরিয়াল প্লাক মাড়ির প্রদাহ সৃষ্টি করে।
▶ ব্রাশিং ও ফ্লসিং ঠিকমতো না করা।
▶ ভিটামিন ‘সি’ বা ‘কে’-এর অভাব।
▶ হরমোনাল পরিবর্তন (বিশেষ করে গর্ভাবস্থায় থাকে প্রেগনেন্সি জিনিজিভাইটিস) বলে।
▶ ধূমপান ও তামাক ব্যবহার।
▶ ডায়াবেটিস বা অন্য কোনো সিস্টেমিক রোগ।
সময়মতো চিকিৎসা না করা হলে, এটি পেরিওডোন্টাইটিসে পরিণত হতে পারে, যা দাঁত নড়বড়ে করে ফেলতে পারে।
* মুখের দুর্গন্ধের পেছনে কারণ
▶ মুখের অপরিচ্ছন্নতা।
▶ মাড়ির প্রদাহ।
▶ জিহ্বার ওপর ব্যাকটেরিয়া জমা।
▶ শুকনো মুখ।
▶ ধূমপান ও অ্যালকোহল।
▶ পাকস্থলী বা শ্বাসনালির কিছু রোগ।
দুর্গন্ধের প্রধান উৎস সাধারণত সালফার উৎপাদনকারী ব্যাকটেরিয়া, যা মুখের ভেতরে জমে থাকে।
* ঝুঁকি ও প্রভাব
এ সমস্যাগুলো শুধু মুখের মধ্যেই সীমাবদ্ধ নয়। মাড়ির রোগের সঙ্গে হৃদরোগ, ডায়াবেটিস ও আলজেইমারের (স্মৃতিবিভ্রম) সম্পর্ক থাকতে পারে। তাই এটিকে অবহেলা করা উচিত নয়।
* প্রতিরোধ ও করণীয়
মাড়ি থেকে রক্ত পড়া ও মুখের দুর্গন্ধ প্রতিরোধে কিছু সহজ নিয়ম মেনে চলা জরুরি।
▶ দিনে অন্তত দুইবার সঠিক নিয়মে ব্রাশ করা (সকালে নাশতার পর আর রাতে ঘুমাতে যাওয়ার আগে)।
▶ প্রতিদিন ডেন্টাল ফ্লস ব্যবহার করা।
▶ জিহ্বা পরিষ্কার রাখা।
▶ নিয়মিত ডেন্টাল চেকআপ (৬ মাস অন্তর)।
▶ ধূমপান ও তামাক বর্জন।
▶ পর্যাপ্ত পানি পান।
▶ পুষ্টিকর খাদ্য গ্রহণ, বিশেষ করে ভিটামিন সি সমৃদ্ধ খাবার।
* কখন ডেন্টিস্টের কাছে যাবেন
▶ ব্রাশ করার সময় নিয়মিত রক্ত পড়লে।
▶ দীর্ঘদিন ধরে মুখে দুর্গন্ধ থাকলে।
▶ মাড়ি ফুলে গেলে বা ব্যথা থাকলে।
▶ দাঁত নড়বড়ে অনুভব করলে।
স্বাস্থ্যকর হাসি মানেই আত্মবিশ্বাসী জীবন-তাই আজ থেকেই মাড়ি ও দাঁতের যত্ন নিন।
লেখক : মুখগহ্বর ও দন্তরোগ বিশেষজ্ঞ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মিরপুর, কুষ্টিয়া।
