সাফা কবির। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বরাবরের মতো এবারের ঈদেও বেশ কয়েকটি নাটক ভক্তদের উপহার দিয়েছেন অভিনেত্রী সাফা কবির। সেই তালিকায় থাকা কয়েকটি নাটক এরইমধ্যে প্রচার হয়েছে। আরও কিছু রয়েছে প্রচারের অপেক্ষায়। প্রতিটি নাটকেই নিজের চরিত্রে ভিন্নতা রাখারও চেষ্টা করেছেন সাফা। প্রচার হওয়া নাটকের তালিকায় থাকা ‘ওয়ারিশ’ নাটকটি এরইমধ্যে গতকাল পর্যন্ত ৫.৭ মিলিয়ন দর্শক দেখে ফেলেছেন। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নাটকটির পাশাপাশি সাফার অভিনয় ইতিবাচক আলোচনায় রয়েছে। এ প্রসঙ্গে সাফা কবির বলেন, ‘বরাবরের মতোই ঈদের কাজের সংখ্যা বেড়েছে। তবে চেষ্টা ছিল দর্শক চাহিদার কথা মাথায় রেখে ভিন্নতা রাখার। মনে হচ্ছে সেটা সফলও হতে যাচ্ছে। এরইমধ্যে একাধিক কাজের ইতিবাচক সাড়া পাচ্ছি। সবচেয়ে বেশি সাড়া পাচ্ছি ওয়ারিশ নাটকে। এত কম সময়ে এত এত দর্শক নাটকটি দেখবেন ভাবতে পারিনি। আসলে মানুষ এখন ভালো গল্প এবং অভিনয় দেখতে চান। তাছাড়া পারিবারিক গল্প নাটকে ফিরে আসায় দর্শকরাও নাটকে ফিরে আসছেন। এ নাটকটিতেও পারিবারিক গল্প শুধু নয়, পারিবারিক সব অনুসঙ্গ, আবহ রয়েছে। যা দর্শকদের দেখতে বাধ্য করছে।’ নিজের অভিনয় নিয়ে তিনি আরও বলেন, ‘আমি কখনোই সময়ের স্রোতে গা ভাসাতে চাইনি। ভবিষ্যতেও চাইব না। কাজের সংখ্যা কমবেশি নিয়ে মাথা ঘামাতেও চাই না। যতদিন অভিনয়ে যুক্ত আছি চেষ্টা থাকবে মানসম্মত কাজের সঙ্গে থাকার। যে কাজগুলো কয়েক যুগ পরও মানুষ দেখবেন। তাছাড়া নিজেকে প্রতিটি কাজে ভাঙার মিশনে নামতে চাই। কারণ দর্শকরা একঘেঁয়েমি চরিত্রে প্রিয় তারকাকে আর দেখতে চান না। তাই তাদের অপছন্দের কাজও করতে চাই না।’
