|
ফলো করুন |
|
|---|---|
প্রথমবার একসঙ্গে এক নাটকে অভিনয় করেছেন ডলি জহুর, মুনিরা বেগম মেমী ও জাকিয়া বারী মম। নাম ‘চাওয়া পাওয়া’। এটি একটি ধারাবাহিক নাটক। নির্মাণ করছেন রাকেশ বসু। বর্তমানে এর শুটিং চলছে। এটি এনটিভিতে প্রচার হবে।
নাটকটিতে মেমীর শাশুড়ির চরিত্রে অভিনয় করছেন ডলি জহুর। তিনি বলেন, ‘এর গল্পটা সুন্দর। রাকেশ প্রতিটি দৃশ্যই বেশ যত্ন নিয়ে নির্মাণ করছে। সবাই মিলে বেশ আনন্দ নিয়ে কাজটি করছি আমরা। আশা করছি প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।’
মুনিরা বেগম মেমী বলেন, ‘ডলি আপার সঙ্গে বহুদিন পর কোনো ধারাবাহিক নাটকে কাজ করছি। সঙ্গে মম, দিনার’সহ আরও অনেকেই আছেন। যে কারণে কাজটি করতেও বেশ ভালো লাগছে।’
জাকিয়া বারি মম বলেন, ‘প্রথমবার ডলি আন্টি ও মেমী আপার সঙ্গে এক নাটকে কাজ করলাম। দারুণ একটি প্রজেক্ট এটি। গল্প আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করছি প্রচারে এলে দর্শকদেরও ভালো লাগবে।
এদিকে ডলি জহুর এখন টিভি নাটকেই বেশি কাজ করছেন। অন্যদিকে মেমীও এখন খুব বেশি কাজে নেই। তবে মম বেছে কাজ করছেন বলে জানিয়েছেন।
