বিশ্বকাপ ফুটবল ঘিরে নাটকপাড়ায় নেই আগের মতো উন্মাদনা
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বকাপ ফুটবলের আয়োজন শুরু হতে না হতেই দেশের ফুটবলপ্রেমীরা দুটি দলে (আর্জেন্টিনা ও ব্রাজিল) বিভক্ত হয়ে যাওয়ার রীতি বেশ পুরোনো। এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু সাধারণ দর্শকদের মাঝে ফুটবলের উন্মাদনা দেখা গেলেও ঝিমিয়ে পড়েছে দেশের শোবিজ অঙ্গন। বিগত বিশ্বকাপ আসর ঘিরে একের পর এক নাটক-গান নির্মাণ মুক্তির পাশাপাশি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ফুটবলকেন্দ্রিক একটি সিনেমা। যদিও সেটি ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধকেন্দ্রিক। তবে সিনেমাটির মূল অনুসঙ্গের একটি ছিল ফুটবল। যা বিশ্বকাপের উন্মাদনা অনেকটাই বাড়িয়ে দেয়। এর বাইরে বিশ্বকাপ চলাকালীন নানা মাধ্যমে প্রচার হয় নাটক, গান। বিশেষ করে ব্রাজিল-আর্জেন্টিনাকেন্দ্রিক নির্মাণ ছিল চোখে পড়ার মতো।
২০১০ সালের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে নোমান রবিন ‘ব্রার্জেন্টিনা’ নামে একটি নাটক বেশ আলোচনায় আসে। কারণ এ নাটকের পাত্র-পাত্রী ছিলেন মোশাররফ করিম ও নুশরাত ইমরোজ তিশা। ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ফেরদৌস হাসানের ‘জার্সি নাম্বার টেন’ নামে একটি ধারাবাহিক নাটকটিও উল্লেখ করার মতো। ফুটবলকে কেন্দ্র করে নির্মাতা ও অভিনেতা কচি খন্দকার ‘অফ দ্য ফুটবল, বাই দ্য ফুটবল, ফর দ্য ফুটবল’ নামে একটি টেলিসিনেমা নির্মাণ করেন। এতে অভিনয় করেন মোশাররফ করিম ও নিপুণ। এ টেলিফিল্মটি দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়। নির্মাতা রেদোওয়ান রনি ফুটবলকে কেন্দ্র করে নির্মাণ করেন ‘কিক অফ’ নামে একটি একক নাটক। এতে অভিনয় করেন সংগীতশিল্পী পার্থ বড়ুয়া ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম’। ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে আবু হায়াৎ মাহমুদ নির্মাণ করেন ‘ফেয়ার প্লে’ নামে একটি ধারাবাহিক নাটক। এতে অভিনয় করেন চঞ্চল চৌধুরী, জাহিদ হাসান ও নুসরাত ইমরোজ তিশা। নাটকটিও বেশ আলোচিত হয় তখন। ২০২২ সালের বিশ্বকাপে এ নাটকের সিক্যুয়াল নির্মাণের জন্য ইউটিউবে মন্তব্যের ঘরে দর্শক অনুরোধ করলেও নতুন সিক্যুয়াল নির্মাণ করা হয়নি। ২০১৮ বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে মাবরুর রশিদ বান্নাহ নির্মাণ করেন ‘ব্রাজিল বনাম আর্জেন্টিনা’। নাটকটি ওই সময় বেশ প্রশংসিত হয়। ২০২২ সালের বিশ্বকাপের জন্যও ওই নাটকের দ্বিতীয় সিক্যুয়াল নির্মাণ করেন তিনি। নতুন পর্বের নাম ‘ব্রাজিল বনাম আর্জেন্টিনা রিলোড’। আরও কয়েকজন নির্মাতা বান্নাহর মতো ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপ নিয়ে নির্মিত নাটকের দ্বিতীয় সিক্যুয়াল নির্মাণ করেছেন।
এ ছাড়া নাট্য নির্মাতা কাজল আরেফিন অমি নির্মাণ করেন ‘ব্যাচেলর ফুটবল’ নামে একটি নাটক। নাটকটি ধ্রুব টিভি নামে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। বেশ প্রশংসাও কুড়িয়েছে। অন্যদিকে নির্মাতা মিজানুর রহমান আরিয়ান নির্মাণ করেন একটি একক নাটক নাম ‘জার্সি’। নাটকটি দুই বন্ধুর প্রিয় টিম নিয়ে তর্কবিতর্ক ও ভালোলাগা মন্দলাগা বিষয় নিয়ে নির্মিত হয়। এ ছাড়া নির্মাতা মিফতাহ্ আনান নির্মাণ করেন একক নাটক ‘ঢাকাইয়া ওয়ার্ল্ডকাপ’। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এ নাটকের কয়েকটি স্থিরচিত্রে দেখা যায় অভিনয়শিল্পীরা ফুটবল টিম আর্জেন্টিনার জন্য মোনাজাত করছেন। এর বাইরে আব্রাহম তামিমের রচনায় ও এমআই মনিরের পরিচালনায় বিশ্বকাপ ফুটবল নিয়ে ‘ভিলেজ কাপ ফুটবল’ নামে একটি ২৬ পর্বের ধারাবাহিক এবং অভিনেত্রী রুকাইয়া জামান চমক অভিনীত ‘গৃহবিশ্বকাপ’ নামে একটি নাটক প্রশংসা কুড়ায় ফুটবলপ্রেমীদের। পাশাপাশি নিয়মিত প্রচার হওয়া একাধিক ধারাবাহিক নাটকে দেখা ফুটবলের ছোঁয়া। নির্মাতারা বিশ্বকাপ চলাকালীন পর্বগুলোতে ফুটবলের আমেজ রাখার চেষ্টা করেন।
তবে আগের বিশ্বকাপের উন্মাদনায় অনেকটাই ভাটা পড়েছে এবার। এই রিপোর্ট লেখা পর্যন্ত (১৬ জুন) মাত্র দুটি নাটক নির্মাণ এবং প্রচার শুরু হয়েছে। দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে বরাবরের মতোই চলছে মজার খুনসুটি। বাংলাদেশে এ দু-দলের সমর্থকদের আবেগ ও প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের। এ প্রেক্ষাপটে তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘পাড়ার বিশ্বকাপ’। বিশ্বকাপকে কেন্দ্র করে মহল্লার মানুষের সম্পর্ক, প্রেম, দ্বন্দ্ব ও সামাজিক বাস্তবতা হাস্যরস এবং আবেগের মিশেলে তুলে ধরা হয়েছে। নাটকটি রচনা করেছেন আহসান আলমগীর এবং পরিচালনা করেছেন আল হাজেন। অভিনেত্রী অহনা রহমান, শারমিন শর্মী ও অভিনেতা রাশেদ সীমান্ত, সাব্বির অর্ণব, আব্দুল্লাহ রানা, সাদ্দাম মাল অভিনীত এ ধারাবাহিক নাটকটি এরইমধ্যে একটি বেসরকারি টেলিভিশনে প্রচার শুরু হয়েছে। নাটকটি প্রচার শুরুর পর থেকে বেশ সাড়াও ফেলেছে।
এই নাটকটি ছাড়া নির্মাতা পলাশ মণি দাস নির্মাণ করেছেন ‘ফুটবল যুদ্ধ’। এই যুদ্ধে এবার অংশগ্রহণ করেছেন, অভিনেতা আ খ ম হাসান, পুনম হাসান জুঁই, কাজী রাজু, সাহেলা আক্তারসহ অনেকে। নির্মাতা জানিয়েছেন এ নাটকের গল্পটা কিছুটা গতানুগতিক হলেও ব্যতিক্রম ধর্মী। দুই প্রেমিক-প্রেমিকার সুন্দর সম্পর্ক ব্রাজিল-আর্জেন্টিনাকে কেন্দ্র করে টানাপোড়েনে গড়ানোর মধ্যদিয়ে নাটকটির গল্প শুরু হয়েছে। যা একপর্যায়ে রান্নাঘর পর্যন্ত পৌঁছে যায়। নাটকে শেষে প্রেমিককে খুশি করতে বাধ্য হয়ে দুই দেশের পতাকামিশ্রিত জার্সি পরে আসে লিনা। এমনই নানা হাস্যরসের ঘটনায় সাজানো হয়েছে ‘ফুটবল যুদ্ধ’। ‘পাড়ার বিশ্বকাপ’ নাটকের মতো এটিও প্রচার শুরুর পর থেকে বেশ আলোচনা তৈরি করেছে।
এর বাইরে সম্প্রতি পরিচালক তারিক মুহাম্মদ হাসান নির্মাণ করছেন ৮ পর্বের ওয়েব সিরিজ ‘ব্রাজেন্টিনা’। এটির মাধ্যমে প্রথমবার অভিনেতা হিসাবে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবলে দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। সিরিজটিতে জামালের বিপরীতে স্ক্রিন শেয়ার করছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। এ ছাড়া বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন শরাফ আহমেদ জীবন, লামিমা লাম, সহিদ উন নবী এবং ইশতিয়াক আহমেদ। এরইমধ্যে সিরিজটিতে জামালের অভিনয় ঘিরে বেশ আলোচনা চলছে।
কিন্তু দর্শক আগ্রহ থাকলেও বিশ্বকাপ ঘিরে নাটক নির্মাণে এত অনীহা ভাবিয়ে তুলেছে দেশের ফুটবল ও নাট্যপ্রেমীদের। দেশের বিভিন্ন উৎসব উপলক্ষ্যে যেখানে নির্মাণের হিড়িক পড়ে সেখানে হঠাৎ মাত্র দুই নাটকে বিশ্বকাপ শেষ করার বিষয়টি নাটকের অসনিসংকেত হিসাবেই দেখছেন অনেকে। তবে একাধিক নির্মাতা বিষয়টির জন্য প্রযোজনা প্রতিষ্ঠানের অনিহাকে দায়ী করছেন। তবে দায়ী যে বা যারাই হোক, বিশ্বকাপ ফুটবলের মতো এত বড় একটি আয়োজনে আচমকা নির্মাণ কমে যাওয়া দেশের নাট্যাঙ্গনের জন্য যে খুব বেশি সুফল বয়ে আনবে এটা মানছেন সবাই।
