Logo
Logo
×

আন্তর্জাতিক

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ‘তিক্ত পরাজয়’ জার্মানির, দায়ী করল রাশিয়াকে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১১:২৭ এএম

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ‘তিক্ত পরাজয়’ জার্মানির, দায়ী করল রাশিয়াকে

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল। ছবি: সংগৃহীত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের নির্বাচনে পরাজয়ের জন্য রাশিয়াকে দায়ী করেছে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল বলেছেন, ইউক্রেন ও ইসরাইলের প্রতি বার্লিনের দৃঢ় সমর্থনের কারণেই প্রয়োজনীয় ভোট হারাতে হয়েছে।

বুধবার (৩ জুন) অনুষ্ঠিত ভোটে নিরাপত্তা পরিষদের নতুন পাঁচ সদস্য নির্বাচিত হয়। পশ্চিম ইউরোপ ও অন্যান্য দেশের গ্রুপের (ওয়েস্টার্ন ইউরোপিয়ান অ্যান্ড আদার্স গ্রুপ) জন্য নির্ধারিত দুটি আসনের দৌড়ে জার্মানি পর্তুগাল ও অস্ট্রিয়ার কাছে পরাজিত হয়। এ ঘটনাকে ‘তিক্ত পরাজয়’ হিসেবে আখ্যা দেন ভাডেফুল।

তিনি বলেন, ‘ইউক্রেনের প্রতি আমাদের দৃঢ় সমর্থন রয়েছে এবং রাশিয়া নিরাপত্তা পরিষদে এমন একটি কণ্ঠস্বর দেখতে চায় না।’ তার দাবি, জার্মানির বিরুদ্ধে বিভিন্ন দেশের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরিতে রাশিয়া ভূমিকা রেখেছে। ‘এটি কোনো গোপন বিষয় নয়,’ বলেন তিনি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঁচটি স্থায়ী সদস্য দেশ রয়েছে—চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। এছাড়া ১০টি অস্থায়ী সদস্য দেশ নির্দিষ্ট মেয়াদে দায়িত্ব পালন করে।

ভাডেফুল বলেন, ‘আমরা সবসময় কিছু বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়েছি, কিন্তু সেই অবস্থান সব সদস্য রাষ্ট্রের সঙ্গে মেলে না।’ তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য সংঘাতে ইসরাইলের প্রতি জার্মানির বিশেষ দায়িত্ববোধও ভোট হারানোর একটি কারণ হয়ে থাকতে পারে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা পরিষদের দুই বছরের মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় দেশটির দেরিতে অংশ নেওয়ার বিষয়টিকেও আংশিকভাবে দায়ী করেন।

তবে জার্মানির অভিযোগের বিষয়ে রাশিয়া এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ভোটে জার্মানি ১০৪ ভোট পায়। অন্যদিকে পর্তুগাল পায় ১৩৪ ভোট এবং অস্ট্রিয়া পায় ১৩১ ভোট।

নির্বাচনে কিরগিজস্তান, ত্রিনিদাদ ও টোবাগো এবং জিম্বাবুয়েও নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে। নিরাপত্তা পরিষদই জাতিসংঘের একমাত্র সংস্থা, যা নিষেধাজ্ঞা আরোপ বা সামরিক শক্তি ব্যবহারের অনুমোদনের মতো আইনগতভাবে বাধ্যতামূলক সিদ্ধান্ত নিতে পারে।

এই পরাজয় জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎসের জন্যও একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিরোধীরা বলছে, আন্তর্জাতিক অঙ্গনে জার্মানির অবস্থান শক্তিশালী করার প্রতিশ্রুতি দেওয়া মেরৎসের জন্য এটি দেশের বাইরে একটি বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে।

তবে মেরৎস বলেছেন, জার্মানি আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি তার সমর্থন অব্যাহত রাখবে। তিনি অস্ট্রিয়া ও পর্তুগালকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘এই ফলাফল জাতিসংঘে আমাদের দায়িত্বকে পরিবর্তন করে না। জার্মানি বহুপাক্ষিক ব্যবস্থার একটি নির্ভরযোগ্য স্তম্ভ হিসেবেই থাকবে।’

সূত্র: বিবিসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম