Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৪

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০২:০০ পিএম

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৪

ছবি: সংগৃহীত

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ এলাকায় রাশিয়ার ড্রোন হামলায় অন্তত চারজন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (৯ জুন) ভোরে অঞ্চলটির গভর্নর ওলেগ সিনেগুবভ এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান, রুশ বাহিনী খারকিভ অঞ্চলের চুগুইভ শহরে হামলা চালায়। এতে ২২ বছর বয়সি এক তরুণীসহ চারজন নিহত হয়েছেন।

গভর্নর বলেন, রাশিয়ার ড্রোন হামলায় বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং অন্তত ১৮টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া বহুতল আবাসিক ভবনের জানালার কাচ ভেঙে যায় এবং ভবনের বাইরের অংশেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

এদিকে খারকিভ শহরের মেয়র ইগর তেরেখভ জানান, শহরে পৃথক হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার হামলায় বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা বেড়েছে। এর জবাবে ইউক্রেনও রাশিয়ার ভেতরে ড্রোন হামলা চালাচ্ছে। 

কিয়েভ বলছে, ‘এসব হামলা রাশিয়ার সামরিক ও জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে চালানো হচ্ছে।’

জাতিসংঘের এপ্রিল মাসে প্রকাশিত এক হিসাব অনুযায়ী, গত ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করার পর থেকে ইউক্রেন-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে অন্তত ১৫ হাজার ৮৫০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এছাড়া রাশিয়ার নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে আরও দুই হাজার ৮০০ জনের বেশি বেসামরিক মানুষের মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে জাতিসংঘ। ইউক্রেন ও রাশিয়া-অধিকৃত উভয় অঞ্চলে এ পর্যন্ত ৪৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন যুদ্ধ


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম